পোরশায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ
মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আওতাধীন সকল দপ্তরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি ও দাপ্তরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নওগাঁ-৪ (পোরশা) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম উপস্থিত থেকে সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে অগ্নিনির্বাপণ যন্ত্র তুলে দেন।
এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি দপ্তরগুলোতে যেকোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে জানমাল ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে অগ্নিনির্বাপণ যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে উপজেলা প্রশাসনের দপ্তরগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন