খুঁজুন
, ,

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১ 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালানোর সময় আরিফ হোসেন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক আরিফ হোসেন ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় আটক আরিফ হোসেনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯/৯৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আসুন আমরা ঐক্যবদ্ধ হই: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
আসুন আমরা ঐক্যবদ্ধ হই: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াজুল হক সাগর, রংপুর: দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

লালমনিরহাট, ১৯ নভেম্বর, ২০২৬ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।

তিনি বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন  করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?

প্রধানমন্ত্রী বলেন, যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে।

মাদারগঞ্জে সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘের সহযোগিতায় “গরু মোটাতাজাকরণ” প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ
মাদারগঞ্জে সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘের সহযোগিতায় “গরু মোটাতাজাকরণ” প্রশিক্ষণ

মোহাম্মদ আলী জিন্নাহ:জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে যুবকদের দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চরপাকের দহ গ্রামে নীলুর বাজার সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘ এর কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৪ দিন ব্যাপী ৩০ জন প্রশিক্ষনার্থীর এ কর্মসূচী শুভ উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোঃ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ। প্রশিক্ষক প্রাণী’র পল্লী চিকিৎসক সুলতান আহমেদ।

সার্বিক ব্যবস্থাপনায় সন্ধানী দৃষ্টি যুবসেবা সংঘ এর সভাপতি আহমেদ আব্দুল্লাহ অন্তর, সহ-সভাপতি মোহাম্মদ সবুজ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মো. সেলিম । যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থ বছরে বেকার যুবকদের দক্ষতাবৃদ্ধিমূলক ১৪ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক “গরু মোটাতাজাকরণ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

একের পর এক আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংক, আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
একের পর এক আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংক, আতঙ্কে টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা

বিশেষ প্রতিবেদক:দেশের বিভিন্ন জেলায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় চাপে পড়েছে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো। দেশের অন্তত ১৬টি জেলায় ব্যাংকটির ২০টি শাখা অগ্নিসংযোগ ও হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতির মধ্যে নিজেদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন গ্রাহকরা। আতঙ্কে অনেকে ব্যাংক থেকে জমানো টাকা তুলে নিচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিনের সঞ্চয় নিরাপদ থাকবে কি না, তা নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুর জেলায়।

একাধিক জেলায় ধারাবাহিক এসব ঘটনায় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ও আমানতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।