চাঁদা না দেওয়ায় দিনাজপুরে পশু খামার বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ
জার্মান শেফার্ড, লাসা ও বিভিন্ন প্রজাতির কুকুরসহ নানা ধরনের পশু-পাখি বিদেশসহ দেশের বিভিন্ন প্রান্তে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সরবরাহ করে অর্থনৈতিকভাবে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন দিনাজপুরের জাহিদুল ইসলাম সোহাগ। পশুপ্রেমী সোহাগ ও তার স্ত্রীর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় তিল তিল করে গড়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুরা এলাকায় ‘নদীর ধারে ডগ হাউস, দিনাজপুর’ নামের কৃষিভিত্তিক পশু খামার।
তবে এই খামারটি বন্ধ করে দেওয়ার জন্য স্থানীয় কতিপয় ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন উদ্যোক্তা জাহিদুল ইসলাম সোহাগ ও তার স্ত্রী।
অভিযোগে তারা জানান, স্থানীয় কতিপয় ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় খামারটি বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, হুমকি-ধমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে তারা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও দাবি করেন।
উদ্যোক্তা জাহিদুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও সময় বিনিয়োগ করে তারা খামারটি গড়ে তুলেছেন। এখানে বিভিন্ন জাতের কুকুর, পশু-পাখির লালন-পালন ও প্রজননের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে পশু-পাখি সরবরাহ করা হয়। খামারটি বন্ধ হয়ে গেলে শুধু তাদের ব্যবসায়িক ক্ষতিই হবে না, এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থান ও বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, ‘আমরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে চাই। কারও অন্যায় দাবি বা চাঁদা দিতে রাজি না হওয়ায় যদি একটি বৈধ খামার বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সোহাগের স্ত্রীও অভিযোগ করেন, খামারটি পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
উদ্যোক্তা দম্পতির দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের খামার পরিচালনায় নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।

