খুঁজুন
, ,

ফুলপুরে প্রধান শিক্ষকসহ অবরুদ্ধ ,প্রশাসনের সহায়তায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফুলপুরে প্রধান শিক্ষকসহ অবরুদ্ধ ,প্রশাসনের সহায়তায় উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:  ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ছবি ছড়িয়ে পড়ার জেরে রোববার ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনভর তীব্র উত্তেজনা চলেছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে বিদ্যালয় ভবনে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পুলিশি নিরাপত্তায় তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়।

সরেজমিনে জানা যায়, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদারের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শনিবার একটি অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় ব্যাপক খোভের সৃষ্টি হয়। রোববার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ তরফদার ও প্রধান শিক্ষক দুলাল হোসেনের অপসারণের দাবিতে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে ও সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।
সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃফিরোজ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে শান্ত হয়। পরে বেলা দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ তরফদারকে বিদ্যালয় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শিক্ষকদের স্থায়ী অপসারণের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় দুপুরের দিকে শিক্ষার্থীদের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা অফিসে অবস্থানরত প্রধান শিক্ষক দুলাল হোসেনকে অবরুদ্ধ করে বিদ্যালয় ভবনের গ্রিল ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃশফিকুল ইসলাম ও ফুলপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দ্রুত বিদ্যালয়ে পৌঁছে সুষ্ঠু বিচারের জোরালো আশ্বাস দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি নিরাপত্তায় প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার এর আগেও বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি প্রায়ই ছাত্রীদের সাথে অসদাচরণ ও গায়ে হাত দেওয়ার মতো গুরুতর নোংরা কাজ করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা আরও জানায়, অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার প্রধান শিক্ষক দুলাল হোসেনের চাচাত ভাই হওয়ায় তাকে অনৈতিক কাজে বরাবরই প্রশ্রয় দিয়ে থাকেন। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক  সালন্দর-জগন্নাথপুর ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।

টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতন নাগরিক সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

পরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করা মানে নিজের অধিকার বিক্রি করে দেওয়া। সামান্য টাকার লোভে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আগামী ৫ বছর এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়। একজন জনপ্রতিনিধি ভোট কেনার জন্য যে টাকা খরচ করেন, নির্বাচিত হওয়ার পর সেই টাকা তিনি সুদে-আসলে তুলে নেন। ফলে দুর্নীতি বাড়ে, সাধারণ মানুষের ভাগ্য বদলায় না।

বক্তারা আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। টাকার কাছে নয়, যোগ্যতা, সততা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ দেখে প্রার্থীকে বেছে নিতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, নির্বাচন পর্যন্ত ধর্মগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ।

কালীগঞ্জ সহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ,কাপাশিয়া উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা থাকলেও জনবল সংকট নিরসন না হলে বাড়বে চিকিৎসাসেবার চাপ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ৮২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

রোগীদের কেউ হাসপাতালের সেবার মানের প্রশংসা করলেও, কেউ অভিযোগ করেছেন চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত থাকলেও তাঁরা অন্যত্র সংযুক্ত রয়েছেন। সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও সংকট রয়েছে।

এ অবস্থায় হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।