আজ মহান নেতা বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী, স্মরণে ঐতিহাসিক উলগুলান আন্দোলন
লেখক: শান্ত পাহান, ঠাকুরগাঁও।আজ ১৫ নভেম্বর। মহান আদিবাসী নেতা, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও মুন্ডা জনগোষ্ঠীর গর্ব ধরতি আবা বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী। তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিশ্বের আদিবাসী জনগোষ্ঠী। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ঐতিহাসিক ‘উলগুলান’ আন্দোলন আজও আদিবাসীদের অধিকার, আত্মপরিচয়, ভূমি ও মর্যাদা রক্ষার সংগ্রামে অনুপ্রেরণার উৎস।
১৮৭৫ সালের ১৫ নভেম্বর ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের উলিহাতু গ্রামে মুন্ডা জনগোষ্ঠীর এক পরিবারে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। ছোটবেলা থেকেই তিনি আদিবাসী মানুষের ওপর শোষণ, বঞ্চনা, ভূমি দখল এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অত্যাচার প্রত্যক্ষ করেন। এসব অন্যায়ের বিরুদ্ধে তিনি আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।
১৮৯৯-১৯০০ সালে তাঁর নেতৃত্বে সংঘটিত হয় ঐতিহাসিক ‘উলগুলান’ বা মহাবিদ্রোহ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারি শোষণ, ভূমি দখল এবং আদিবাসীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জল, জঙ্গল ও জমিনের অধিকার রক্ষার এই সংগ্রাম ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
বিরসা মুন্ডা শুধু একজন বিপ্লবী নেতা ছিলেন না, তিনি ছিলেন আদিবাসী সমাজের আত্মজাগরণ ও ঐক্যের প্রতীক। তিনি মানুষকে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, পরিচয় ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর অনুসারীরা তাঁকে ভালোবেসে ‘ধরতি আবা’ অর্থাৎ পৃথিবীর পিতা নামে অভিহিত করেন।
ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে। ১৯০০ সালের ৯ জুন রাঁচি কারাগারে মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর সংগ্রাম, সাহস ও আদর্শ আজও আদিবাসী সমাজের হৃদয়ে অমর হয়ে রয়েছে।
ভারতে জনজাতীয় গৌরব দিবস পালন
বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকার ১৫ নভেম্বরকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করে আসছে। এ দিবসে ভারতের বিভিন্ন স্থানে আদিবাসী বীরযোদ্ধাদের আত্মত্যাগ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য স্মরণ করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিরসা মুন্ডার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
আদিবাসী অধিকার ও ঐক্যের অনুপ্রেরণা
বিরসা মুন্ডার জীবন ও সংগ্রাম শুধু ভারতের আদিবাসী সমাজের জন্য নয়, বাংলাদেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর কাছেও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভাষা, সংস্কৃতি, ভূমি, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকা কতটা গুরুত্বপূর্ণ।
আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে আদিবাসী জনগোষ্ঠী ভূমির অধিকার, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। বিরসা মুন্ডার আদর্শ সেই সংগ্রামে সাহস ও শক্তি জোগায়।
মহান নেতা বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা।
গড়লাগি জোহার ধরতি আবা বিরসা মুন্ডা।
জোহার উলগুলান।
আদিবাসী ঐক্য অটুট থাকুক।

