খুঁজুন
, ,

ব্রিটিশ আমলের ঐতিহ্য আজও টিকে আছে বাংলাগড়ে, বংশপরম্পরায় বাদ্যযন্ত্র তৈরি করছেন কারিগর শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
ব্রিটিশ আমলের ঐতিহ্য আজও টিকে আছে বাংলাগড়ে, বংশপরম্পরায় বাদ্যযন্ত্র তৈরি করছেন কারিগর শিশু

ঠাকুরগাঁও  প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বাংলাগড় বাজারে আজও টিকে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরির কারুশিল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক পেশা হারিয়ে গেলেও বংশপরম্পরায় এই পেশাকে ধরে রেখেছে একটি পরিবার। কাঠ, চামড়া ও সুতার নিপুণ সংমিশ্রণে এখানে তৈরি হচ্ছে ঢোল, তবলা ও খোলসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।

বাংলাগড় বাজারের ‘থ্রী ব্রাদার্স বাদ্যযন্ত্র’ নামের দোকানটি দীর্ঘদিন ধরে বাদ্যযন্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী ব্যবসা বর্তমানে আগলে রেখেছেন ৪৮ বছর বয়সী কারিগর শিশু। বাপ-দাদার পেশাকে ভালোবেসে তিনি এখনো ধরে রেখেছেন এই কাজ।

কৃষিকাজের সুযোগ না থাকায় বাদ্যযন্ত্র তৈরির পেশাকেই জীবিকার প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের তিন সন্তানকে সঙ্গে নিয়ে হাতে তৈরি করছেন বিভিন্ন বাদ্যযন্ত্র। কাঠ কাটা ও আকৃতি দেওয়া থেকে শুরু করে চামড়া বসানো, সুতা বাঁধাসহ প্রতিটি ধাপেই রয়েছে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার ছাপ।

কারিগর শিশু বলেন, “এই কাজই আমাগো সংসার। বাপ-দাদার হাতের কাজ, ছাড়তে পারি না।”

স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে তাঁর তৈরি বাদ্যযন্ত্রের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলায়। দূরদূরান্ত থেকে ক্রেতারা বাংলাগড়ে আসেন এসব বাদ্যযন্ত্র কিনতে। তাঁদের দাবি, এখানকার তৈরি বাদ্যযন্ত্র তুলনামূলকভাবে বেশি মজবুত ও টেকসই।

বর্তমানে দোকানটিতে খোল বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা, তবলা ৮ হাজার টাকা এবং ঢোল ১২ হাজার টাকায়। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুলেও তবলা, ডুগি ও সাইড ড্রাম সরবরাহ করেন তাঁরা।

পীরগঞ্জ উপজেলার লোহাগড়া থেকে খোল কিনতে আসা ক্রেতা দিলীপ বলেন, “এখানকার মাল টেকসই আর মজবুত। এই কারণেই পীরগঞ্জ থেকে কষ্ট করে কিনতে আসছি।”

দিন দিন ক্রেতার সংখ্যা বাড়লেও ব্যবসাটিকে আরও বড় করার স্বপ্ন দেখছেন কারিগর শিশু। তবে প্রয়োজনীয় পুঁজি ও সহযোগিতার অভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

তিনি বলেন, “প্রশাসনের একটু সহযোগিতা পাইলে এই ব্যবসাটা আরো বড় করতে পারতাম।”

স্থানীয় ঐতিহ্য ও বংশপরম্পরার কারুশিল্প ধরে রাখা এই পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানো গেলে একদিকে যেমন তাদের জীবিকার পথ আরও সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও হারিয়ে যেতে বসা বাদ্যযন্ত্র তৈরির এই শিল্প টিকে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন হলেন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমান আতা এবং রাতে খলেয়া ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে এনছান আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গংগাচড়া থানার এফআইআর নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫ এবং জিআর নম্বর-৩১১-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুলিশের পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান

রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মো. ইমরুল হাসান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রকৌশলী ইমরুল হাসানের প্রকৌশল পেশায় প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এ সময়ে তিনি উন্নয়ন ও রাজস্ব খাতের বিভিন্ন নির্মাণকাজের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে যোগদানের আগে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দুবাই মেট্রো প্রকল্পেও দায়িত্ব পালন করেন।

তিনি তৎকালীন বিআইটি, রাজশাহী (বর্তমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে ২০০১ সালে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশসহ (আইইবি) কয়েকটি পেশাজীবী সংগঠনের সদস্য।

কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি সোনালী ব্যাংকের মোড় হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ও পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, পৌর কৃষকদলের সভাপতি হায়দার আলী,সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো : শওকত আকবর সদস্য সচিব মো: রাশেদুল ইসলাম ( রিপন) সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।