ব্রিটিশ আমলের ঐতিহ্য আজও টিকে আছে বাংলাগড়ে, বংশপরম্পরায় বাদ্যযন্ত্র তৈরি করছেন কারিগর শিশু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৪:৩৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁও  প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বাংলাগড় বাজারে আজও টিকে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরির কারুশিল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক পেশা হারিয়ে গেলেও বংশপরম্পরায় এই পেশাকে ধরে রেখেছে একটি পরিবার। কাঠ, চামড়া ও সুতার নিপুণ সংমিশ্রণে এখানে তৈরি হচ্ছে ঢোল, তবলা ও খোলসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র।

বাংলাগড় বাজারের ‘থ্রী ব্রাদার্স বাদ্যযন্ত্র’ নামের দোকানটি দীর্ঘদিন ধরে বাদ্যযন্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী ব্যবসা বর্তমানে আগলে রেখেছেন ৪৮ বছর বয়সী কারিগর শিশু। বাপ-দাদার পেশাকে ভালোবেসে তিনি এখনো ধরে রেখেছেন এই কাজ।

কৃষিকাজের সুযোগ না থাকায় বাদ্যযন্ত্র তৈরির পেশাকেই জীবিকার প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের তিন সন্তানকে সঙ্গে নিয়ে হাতে তৈরি করছেন বিভিন্ন বাদ্যযন্ত্র। কাঠ কাটা ও আকৃতি দেওয়া থেকে শুরু করে চামড়া বসানো, সুতা বাঁধাসহ প্রতিটি ধাপেই রয়েছে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার ছাপ।

কারিগর শিশু বলেন, “এই কাজই আমাগো সংসার। বাপ-দাদার হাতের কাজ, ছাড়তে পারি না।”

স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে তাঁর তৈরি বাদ্যযন্ত্রের সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন উপজেলায়। দূরদূরান্ত থেকে ক্রেতারা বাংলাগড়ে আসেন এসব বাদ্যযন্ত্র কিনতে। তাঁদের দাবি, এখানকার তৈরি বাদ্যযন্ত্র তুলনামূলকভাবে বেশি মজবুত ও টেকসই।

বর্তমানে দোকানটিতে খোল বিক্রি হচ্ছে ৬ হাজার টাকা, তবলা ৮ হাজার টাকা এবং ঢোল ১২ হাজার টাকায়। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুলেও তবলা, ডুগি ও সাইড ড্রাম সরবরাহ করেন তাঁরা।

পীরগঞ্জ উপজেলার লোহাগড়া থেকে খোল কিনতে আসা ক্রেতা দিলীপ বলেন, “এখানকার মাল টেকসই আর মজবুত। এই কারণেই পীরগঞ্জ থেকে কষ্ট করে কিনতে আসছি।”

দিন দিন ক্রেতার সংখ্যা বাড়লেও ব্যবসাটিকে আরও বড় করার স্বপ্ন দেখছেন কারিগর শিশু। তবে প্রয়োজনীয় পুঁজি ও সহযোগিতার অভাবে সেই স্বপ্ন বাস্তবায়নে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে।

তিনি বলেন, “প্রশাসনের একটু সহযোগিতা পাইলে এই ব্যবসাটা আরো বড় করতে পারতাম।”

স্থানীয় ঐতিহ্য ও বংশপরম্পরার কারুশিল্প ধরে রাখা এই পরিবারটির পাশে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়ানো গেলে একদিকে যেমন তাদের জীবিকার পথ আরও সমৃদ্ধ হবে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও হারিয়ে যেতে বসা বাদ্যযন্ত্র তৈরির এই শিল্প টিকে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন