চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতা নিয়ে লেহেম্বায় চালু হলো সার ডিলারশিপ ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে ইউনিয়নের প্রাণকেন্দ্র বিরাশি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সার ডিলারশিপ প্রতিষ্ঠান ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’। নির্ধারিত চাহিদার দ্বিগুণেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতদিন সামান্য পরিমাণ সার সংগ্রহ করতেও তাদের ৫ থেকে ৬ কিলোমিটার দূরের ডিলার পয়েন্টে যেতে হতো। তীব্র রোদ কিংবা বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় প্রয়োজনীয় সার না পেয়ে খালি হাতে ফিরতে হতো। এতে একদিকে যেমন কৃষকদের মূল্যবান সময় নষ্ট হতো, অন্যদিকে বাড়তি যাতায়াত খরচ ও শারীরিক ভোগান্তিও পোহাতে হতো। বিরাশি বাজারে নতুন ডিলারশিপ চালু হওয়ায় এখন হাতের কাছেই সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ নিয়ে সন্তোষ প্রকাশ করে কৃষক মারুফ হোসেন ও খয়ের আলী বলেন, “এতদিন সার সংগ্রহ করতে আমাদের অনেক দূরে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুটোই নষ্ট হতো। এখন নিজ এলাকায় সার পাওয়া যাবে, এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তির বিষয়।”
লেহেম্বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষক আখতারুল ইসলাম বলেন, “আমাদের দীর্ঘদিনের ভোগান্তি এবার অনেকটাই কমে আসবে। আগে সার সংগ্রহ করতে অনেক পথ পাড়ি দিতে হতো। এখন ইউনিয়নের মধ্যবর্তী স্থান বিরাশি বাজারেই সার পাওয়া যাবে। এতে কৃষকদের সময় ও বাড়তি খরচ দুটোই সাশ্রয় হবে।”
স্থানীয় সচেতন মহল ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিরাশি বাজারে এই সার ডিলারশিপ চালুর ফলে লেহেম্বা ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ আরও সহজ হবে। পাশাপাশি কৃষিকাজে গতিশীলতা আসবে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিয়মানুযায়ী, সার ডিলারশিপ পরিচালনার জন্য ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন থাকা বাধ্যতামূলক। তবে স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ এবং সার সরবরাহ স্বাভাবিক রাখতে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ প্রায় ৬৭ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি বড় গোডাউন প্রস্তুত করেছে, যা নির্ধারিত ন্যূনতম ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিথিলা সানজিদা সিমি বলেন, “এলাকার কৃষকদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। এখন থেকে কৃষকরা সহজেই নিজ এলাকায় সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সব ধরনের সার সংগ্রহ করতে পারবেন। সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিরাশি বাজারে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’-এর এই কার্যক্রম লেহেম্বা ইউনিয়নের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে সার সংগ্রহে দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে।

