খুঁজুন
, ,

নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অটোভ্যান চালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে অটোভ্যান চালক মো. মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে তার অটোভ্যানে ওঠেন। সেখানে দুই-তিন মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নিয়ে পুনরায় আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথিমধ্যে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। অপর ব্যক্তি হাত দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সুযোগে অভিযুক্তরা অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়া এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেন (২০) নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হৃদয় হোসেন আত্রাই উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।

এ ঘটনায় আত্রাই থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
ঝাড়বাড়িতে নতুন এসএমসি সভাপতি আমিরুল ইসলাম

হরিপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো হরিপুর উপজেলার ঝারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি পদে নির্বাচন।

গত ২২ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন দুই প্রার্থী। শেষ পর্যন্ত খাতা প্রতীকে ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন  আমিরুল ইসলাম | তার প্রতিদ্বন্দ্বী এ. কে. এম বদরুদ্দোজা চৌধুরী কলম প্রতীকে ৫ ভোট পেয়েছেন।

প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেয়াজ জামান। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ঝারবাড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদুর রহমান।

নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

রাণীশংকৈল প্রতিনিধি: রাণীশংকৈল উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব শাহরিয়ার আহমেদ খান।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলি হয়ে রাণীশংকৈলে যোগদান করবেন। তার পরিচিতি নম্বর ২৪-৪১০০১৩৯।

একই আদেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ১১ জন সহকারী কমিশনার (ভূমি) কে বদলি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি রাণীশংকৈলে এসে দায়িত্বভার গ্রহণ করবেন।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।