খুঁজুন
, ,

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

রুবেল মিয়া, ঢাকা: ২১ নভেম্বর ২০২৬ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এ জন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি। স্মরণ রাখতে হবে, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তিই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।

তিনি বলেন, সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না। বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। একই সঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে বলেও বলেন তিনি।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।

রংপুর রিজিয়ন বিজিবির বড় সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
রংপুর রিজিয়ন বিজিবির বড় সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পরিচালিত অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় ৬১৫ জনকে আটক করা হয়েছে।
  • শনিবার বিকেলে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
  • জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
  • সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
  • এদিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করেছে বিজিবি।
  • সীমান্ত দিয়ে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। একই সঙ্গে মানবপাচার, অবৈধ সীমান্ত পারাপার, জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
  • পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে”—এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
  • পেয়ার আলী, ব্যুরো প্রধান : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়সাল (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
  • শনিবার (২১ নভেম্বর) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহত ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী গ্রামের বাসিন্দা। সে আলু ব্যবসায়ী মানিকের ছেলে। এলাকায় শান্ত, ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল ফয়সাল। তার এমন মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছিল ফয়সাল। শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
  • দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
  • খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
  • স্থানীয়রা জানান, শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের ওই রেললাইনটি বেশ ঝুঁকিপূর্ণ। দ্রুতগতিতে যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ঘটনার পর রেললাইন পারাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

রাণীশংকৈলে নাশকতা মামলায় ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
রাণীশংকৈলে নাশকতা মামলায় ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  •  ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাশকতা মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তারকৃতরা হলেন রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাক (২৮)।
  • পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
  • মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।