খুঁজুন
, ,

জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
জনগাঁওকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রাঙ্গাটুঙ্গী
  • পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী প্রমিলা ইউনাইটেড ফুটবল একাডেমি।
  • শনিবার (২১ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘থ্রাইভ’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি আর উৎসাহে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে জয় তুলে নেয় রাঙ্গাটুঙ্গী।
  • খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
  • উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
  • এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি মনসুর কামাল নান্নু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. একরামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি কনক, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী মো. সেরাজুস সালেকিন ও প্রকল্প ব্যবস্থাপক ওয়ালিউর রহমান ওলি।

রংপুর রিজিয়ন বিজিবির বড় সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
রংপুর রিজিয়ন বিজিবির বড় সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পরিচালিত অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় ৬১৫ জনকে আটক করা হয়েছে।
  • শনিবার বিকেলে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
  • জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
  • সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
  • এদিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করেছে বিজিবি।
  • সীমান্ত দিয়ে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। একই সঙ্গে মানবপাচার, অবৈধ সীমান্ত পারাপার, জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
  • পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে”—এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
  • পেয়ার আলী, ব্যুরো প্রধান : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ফয়সাল (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
  • শনিবার (২১ নভেম্বর) দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহত ফয়সাল ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব পারপুগী গ্রামের বাসিন্দা। সে আলু ব্যবসায়ী মানিকের ছেলে। এলাকায় শান্ত, ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল ফয়সাল। তার এমন মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে শিবগঞ্জের দিকে যাচ্ছিল ফয়সাল। শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
  • দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
  • খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
  • স্থানীয়রা জানান, শিবগঞ্জ ডিগ্রি কলেজের পাশের ওই রেললাইনটি বেশ ঝুঁকিপূর্ণ। দ্রুতগতিতে যানবাহন চলাচল ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ঘটনার পর রেললাইন পারাপারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

রাণীশংকৈলে নাশকতা মামলায় ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
রাণীশংকৈলে নাশকতা মামলায় ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  •  ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাশকতা মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তারকৃতরা হলেন রাণীশংকৈল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার (৫০), বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান রঞ্জু (৪০) এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুর রাজ্জাক (২৮)।
  • পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক মহাদেব বসাক, সাবেক সম্পাদক সাধন বসাক এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানাসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
  • মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি অভিযান পরিচালনা করে ওই তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।