খুঁজুন
, ,

দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী ও মালিককে জরিমানা

মো: রিয়াজুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ী ও মালিককে জরিমানা

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে পটুয়াখালীর দুমকীতে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৫৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক হাজরা(ভারপ্রাপ্ত) একুশে বার্তাকে বলেন, একটি সুস্থ গরু কীভাবে নির্বাচন করতে হয় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করতে হয় তা আমরা কিছু দিন আগেও প্রশিক্ষণ দিয়েছি।

প্রসঙ্গত, ৫০০ মিলিলিটারের ২ বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ অসাধু ব্যবসায়ী রণি মৃধা ও তার সহযোগী নয়নকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আটক করেছিল পুলিশ।

টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাইকরণ কার্যক্রম ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে নিয়োগ প্রত্যাশীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার বেলাল হোসেন।

পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি পরবর্তী ধাপগুলোতে আত্মবিশ্বাস ও মনোবল বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার বিষয়ে সতর্ক করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স মনোনীত প্রতিনিধি সাইফুল্লাহ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস্), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হেডকোয়ার্টার্স, ঢাকা; আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড এস্টেট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; নিয়োগ বোর্ডের সদস্য জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী; ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ |

পার্বতীপুরের মাঠে সোনার হাসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
পার্বতীপুরের মাঠে সোনার হাসি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের শিশিরে ভেজা দুর্বাঘাস, নরম রোদ আর দিগন্তজোড়া সোনালি ধান। অগ্রহায়ণের পার্বতীপুরের মাঠ এখন ঠিক যেন মায়ের আঁচল বিছিয়ে রেখেছে।

রোববার সকাল ৮টায় ধানক্ষেতের এমনই এক মনোমুগ্ধকর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি)। ছবির সঙ্গে তিনি কবিতার ছন্দে লিখেছেন,

> ধানের ক্ষেতে মুক্তা হাসে
> ভোরের শিশির দুর্বাঘাসে।
> এ কী দেখি মায়ের আঁচল
> মায়ের হাসি সোনার ফসল।
> ধানের ক্ষেত বাবার ঘামে
> উর্বর হয়, শান্তি নামে।
> সোনালী আজ সবুজ মাঠ
> কৃষকের ঘরে চাঁদের হাট।

তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে লিখেছেন, এটাই আসল বাংলাদেশ, এটাই গ্রামবাংলার আসল সৌন্দর্য।

স্থানীয় কৃষকরা জানান, এবার আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি আর আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের পর মাঠ সোনালি হয়ে উঠেছে। সময়মতো সার-কীটনাশক পাওয়ায় ফসলের ক্ষতিও কম হয়েছে।

এখন পার্বতীপুরের মাঠে মাঠে ধান কাটার ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-কৃষাণীরা ধান কাটা, আঁটি বাঁধা আর বাড়িতে তোলার কাজে ব্যস্ত। কোথাও চলছে মাড়াই, কোথাও চলছে উঠানে ধান শুকানোর কাজ। শ্রমিকেরাও এখন মাঠে কাজ পেয়ে খুশি।

কৃষকদের মুখে এখন একটাই কথা, কষ্টের ফসল ঘরে উঠলে শান্তি। সোনালি ধানের এই হাসি শুধু মাঠের নয়, সারা বছরের পরিশ্রমের পর কৃষকের ঘরে ফেরা আনন্দের হাসি।

এলাকাবাসীর আশা, এই সোনালি ফসল কৃষকের সংসারে সচ্ছলতা বয়ে আনবে।

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে ইয়াবাসহ নিজাম উদ্দিন নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার নব্যচর এলাকা থেকে তাকে আটক করা হয়। নিজাম উদ্দিন (৪১) চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার মোরাদুজ্জামানের ছেলে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করে মডেল থানা পুলিশ।

 

মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে গত ২১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম উদ্দিন । ওই ঘটনায় তাকে কারাগারেও পাঠানো হয়েছিল। তবে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় মাদকসহ গ্রেফতার হলেন তিনি। আটককৃত মাদককারবারী নিজাম উদ্দিন কে সোমবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি স্নেহাশিষ রায়।