পার্বতীপুরের মাঠে সোনার হাসি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের শিশিরে ভেজা দুর্বাঘাস, নরম রোদ আর দিগন্তজোড়া সোনালি ধান। অগ্রহায়ণের পার্বতীপুরের মাঠ এখন ঠিক যেন মায়ের আঁচল বিছিয়ে রেখেছে।
রোববার সকাল ৮টায় ধানক্ষেতের এমনই এক মনোমুগ্ধকর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি)। ছবির সঙ্গে তিনি কবিতার ছন্দে লিখেছেন,
> ধানের ক্ষেতে মুক্তা হাসে
> ভোরের শিশির দুর্বাঘাসে।
> এ কী দেখি মায়ের আঁচল
> মায়ের হাসি সোনার ফসল।
> ধানের ক্ষেত বাবার ঘামে
> উর্বর হয়, শান্তি নামে।
> সোনালী আজ সবুজ মাঠ
> কৃষকের ঘরে চাঁদের হাট।
তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে লিখেছেন, এটাই আসল বাংলাদেশ, এটাই গ্রামবাংলার আসল সৌন্দর্য।
স্থানীয় কৃষকরা জানান, এবার আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি আর আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের পর মাঠ সোনালি হয়ে উঠেছে। সময়মতো সার-কীটনাশক পাওয়ায় ফসলের ক্ষতিও কম হয়েছে।
এখন পার্বতীপুরের মাঠে মাঠে ধান কাটার ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-কৃষাণীরা ধান কাটা, আঁটি বাঁধা আর বাড়িতে তোলার কাজে ব্যস্ত। কোথাও চলছে মাড়াই, কোথাও চলছে উঠানে ধান শুকানোর কাজ। শ্রমিকেরাও এখন মাঠে কাজ পেয়ে খুশি।
কৃষকদের মুখে এখন একটাই কথা, কষ্টের ফসল ঘরে উঠলে শান্তি। সোনালি ধানের এই হাসি শুধু মাঠের নয়, সারা বছরের পরিশ্রমের পর কৃষকের ঘরে ফেরা আনন্দের হাসি।
এলাকাবাসীর আশা, এই সোনালি ফসল কৃষকের সংসারে সচ্ছলতা বয়ে আনবে।



আপনার মতামত লিখুন