খুঁজুন
, ,

রাবিতে ইন্সুরেন্স আন্ডাররাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
রাবিতে ইন্সুরেন্স আন্ডাররাইটিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে গতকাল সোমবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে “ফ্রম দ্যা রিস্ক টু পলিসি: আন্ডারস্ট্যান্ডিং দ্যা আর্ট অব আন্ডাররাইটিং” শীর্ষক এক সেমিনার। বীমা খাতের ঝুঁকি ব্যবস্থাপনা, আন্ডাররাইটিং প্রক্রিয়া এবং এর আধুনিক কৌশল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর জ্ঞান ও সচেতনতা তৈরি করতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৫১৫ নম্বর কক্ষে দুপুর ১২টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান প্রবন্ধটি উপস্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস. এম. ইব্রাহিম হোসেন, ACII (UK)। তাঁর বক্তব্যে আন্ডাররাইটিংয়ের মূল উদ্দেশ্য, ঝুঁকি বিশ্লেষণের পদ্ধতি এবং আধুনিক বীমা খাতে প্রযুক্তির প্রভাব বিষয়ে গভীর বিশ্লেষণ করা হয়। তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন কিভাবে সঠিক ঝুঁকি মূল্যায়ন ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে বীমা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এছাড়া বীমা কোম্পানিগুলো কোন ধরনের ঝুঁকি কভার করে, ঝুঁকি নিয়ন্ত্রণের পদ্ধতি কী, এবং প্রিমিয়াম নির্ধারণে কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাব ফেলে—এসব বিষয়ও বক্তৃতায় আলোচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রতিষ্টাকালীন সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম।

এই সেমিনারে বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বীমা খাতের আগ্রহীরা অংশগ্রহণ করেন। বক্তারা বীমা শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য আন্ডাররাইটিংয়ের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল এবং নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

সেমিনারের আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অতিথি বক্তার কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং বীমা শিল্পের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত মূল্যবান দিকনির্দেশনা গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে আন্ডাররাইটিং প্রক্রিয়ায় দক্ষতা উন্নয়ন, সঠিক ঝুঁকি মূল্যায়ন এবং উদ্ভাবনী পণ্য উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা মনে করেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তবভিত্তিক দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং দেশের বীমা খাতে নতুন নেতৃত্ব তৈরিতে অনুপ্রেরণা জোগাবে।

ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব। এসময় কৃষক-কৃষাণী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ছুটে চলে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে। কিন্তু উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় আগেভাগেই জানান দিয়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে খেটে খাওয়া মানুষদের ভোগান্তিও শুরু হয়েছে |

বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে রানীশংকৈল উপজেলা। ভোর থেকে চারদিকে ঘনকুয়াশা এবং হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

তাপসী বালা জানান, “সবে মাত্র আমন কাটা শুরু হয়েছে। মানুষের জমিতে কাজ করে আয়-উপার্জন করে সংসার চালাই। কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আর হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রানীশংকৈল উপজেলার ভ্যানচালক লাভলু জানান, “গত কয়েকদিন ধরে আবহাওয়া ঘোলাটে। এই প্রচন্ড কুয়াশার কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। ঘনকুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে যাত্রীরাও আর ভ্যানে উঠতে চায় না। এতে আগের তুলনায় আয়-রোজগার কমে গেছে।”

অপরদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাস্তার আশপাশে খোলা বাজারে বিক্রি হচ্ছে শীতের কাপড়। আর এই খোলা বাজার থেকেই সাধারণত খেটে খাওয়া মানুষগুলো শীতের কাপড় কিনছেন।

ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

রংপুর প্রতিনিধি: একসময় বাবাকে সংসারের খরচ জোগাতে প্রতিদিন রিকশাভ্যান নিয়ে রাস্তায় নামতে হতো। আর সেই বাবার মেয়েই আজ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গল্পটা রংপুরের বদরগঞ্জের মমিনা খাতুনের। তাঁর বাবা আতিয়ার রহমান একজন রিকশাভ্যানচালক। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াটাও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কুলে যাওয়ার পথে শুনতে হতো কটূক্তি — ‘ভ্যানচালকের মেয়ে’! কিন্তু মানুষের কটূক্তি কিংবা অভাবের কাছে হার মানেননি মমিনা।

অর্থসংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে এগিয়ে যেতে সহায়তা করে। অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি — দুটিতেই অর্জন করেন জিপিএ-৫।

এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

একজন বাবার ঘাম, ত্যাগ আর মেয়ের অদম্য স্বপ্ন আজ এনে দিয়েছে এমন গর্বের অর্জন। যে বাবা একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, সেই বাবার মেয়েই আজ দেশের মানুষের সেবা করার পথে।

মমিনা প্রমাণ করলেন, মানুষের পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা দিয়ে নয়, তার স্বপ্ন ও পরিশ্রম দিয়ে তৈরি হয়।

রংপুরের মমিনা খাতুন ও তাঁর গর্বিত বাবা আতিয়ার রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আকস্মিকভাবে  সালন্দর ও-জগন্নাথপুর ভূমি অফিস  পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।