খুঁজুন
, ,

মাদারীপুর পুরান বাজার প্রধান সড়ক ফুটপাত মুক্ত করতে প্রয়োজন কার্যকর উদ্যোগ

সোহাগ কাজী | মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ
মাদারীপুর পুরান বাজার প্রধান সড়ক ফুটপাত মুক্ত করতে প্রয়োজন কার্যকর উদ্যোগ

মাদারীপুরের পুরান বাজার প্রধান সড়ককে ফুটপাত মুক্ত করতে ব্যবসায়ী ও প্রশাসন যৌথভাবে কাজ করলেও এখনো অনেক জায়গায় অবৈধ দখলদারিত্ব বজায় রয়েছে। ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি

এলাকার ব্যবসায়ীরা চান, বাজারের পরিবেশ সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ হোক, যাতে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। সাধারণ পথচারীরাও আশা করেন, ফুটপাত শুধুমাত্র তাদের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় এ উদ্যোগ পুরোপুরি কার্যকর হয়নি।

প্রশাসনিক উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা

যদিও প্রশাসনের তরফ থেকে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়, তবুও দীর্ঘস্থায়ী সমাধান এখনও আসেনি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন

শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, বাজার কমিটি ও ব্যবসায়ীদেরও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে কঠোর নজরদারি প্রয়োজন।

আমরা আশা করি, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং পুরান বাজারকে ফুটপাত দখলমুক্ত করে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব বাজার গড়ে তুলবে।

 

 

 

টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
টিআরসি নিয়োগে ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬ এর দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাইকরণ কার্যক্রম ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দ্বিতীয় দিনে নিয়োগ প্রত্যাশীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা দেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার বেলাল হোসেন।

পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা, দক্ষতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি পরবর্তী ধাপগুলোতে আত্মবিশ্বাস ও মনোবল বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি নিয়োগ প্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার বিষয়ে সতর্ক করেন এবং নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স মনোনীত প্রতিনিধি সাইফুল্লাহ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস্), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, হেডকোয়ার্টার্স, ঢাকা; আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড এস্টেট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; নিয়োগ বোর্ডের সদস্য জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী; ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ |

পার্বতীপুরের মাঠে সোনার হাসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
পার্বতীপুরের মাঠে সোনার হাসি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ভোরের শিশিরে ভেজা দুর্বাঘাস, নরম রোদ আর দিগন্তজোড়া সোনালি ধান। অগ্রহায়ণের পার্বতীপুরের মাঠ এখন ঠিক যেন মায়ের আঁচল বিছিয়ে রেখেছে।

রোববার সকাল ৮টায় ধানক্ষেতের এমনই এক মনোমুগ্ধকর ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি)। ছবির সঙ্গে তিনি কবিতার ছন্দে লিখেছেন,

> ধানের ক্ষেতে মুক্তা হাসে
> ভোরের শিশির দুর্বাঘাসে।
> এ কী দেখি মায়ের আঁচল
> মায়ের হাসি সোনার ফসল।
> ধানের ক্ষেত বাবার ঘামে
> উর্বর হয়, শান্তি নামে।
> সোনালী আজ সবুজ মাঠ
> কৃষকের ঘরে চাঁদের হাট।

তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে লিখেছেন, এটাই আসল বাংলাদেশ, এটাই গ্রামবাংলার আসল সৌন্দর্য।

স্থানীয় কৃষকরা জানান, এবার আমনের ফলন ভালো হয়েছে। বৃষ্টি আর আবহাওয়া অনুকূলে থাকায় মাঠের পর মাঠ সোনালি হয়ে উঠেছে। সময়মতো সার-কীটনাশক পাওয়ায় ফসলের ক্ষতিও কম হয়েছে।

এখন পার্বতীপুরের মাঠে মাঠে ধান কাটার ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-কৃষাণীরা ধান কাটা, আঁটি বাঁধা আর বাড়িতে তোলার কাজে ব্যস্ত। কোথাও চলছে মাড়াই, কোথাও চলছে উঠানে ধান শুকানোর কাজ। শ্রমিকেরাও এখন মাঠে কাজ পেয়ে খুশি।

কৃষকদের মুখে এখন একটাই কথা, কষ্টের ফসল ঘরে উঠলে শান্তি। সোনালি ধানের এই হাসি শুধু মাঠের নয়, সারা বছরের পরিশ্রমের পর কৃষকের ঘরে ফেরা আনন্দের হাসি।

এলাকাবাসীর আশা, এই সোনালি ফসল কৃষকের সংসারে সচ্ছলতা বয়ে আনবে।

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদককারবারী নিজাম আটক

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:জামালপুরের মাদারগঞ্জে ইয়াবাসহ নিজাম উদ্দিন নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রোববার গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার নব্যচর এলাকা থেকে তাকে আটক করা হয়। নিজাম উদ্দিন (৪১) চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার মোরাদুজ্জামানের ছেলে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করে মডেল থানা পুলিশ।

 

মাদারগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে গত ২১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন নিজাম উদ্দিন । ওই ঘটনায় তাকে কারাগারেও পাঠানো হয়েছিল। তবে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় মাদকসহ গ্রেফতার হলেন তিনি। আটককৃত মাদককারবারী নিজাম উদ্দিন কে সোমবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি স্নেহাশিষ রায়।