ব্যাটারিচালিত ইজিবাইকের দাপটে শহরে বাড়ছে যানজট
মাদারীপুরে প্রতিদিন যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছে বাসিন্দারা। কোথাও পার্কিং-এর ব্যবস্থা না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। লাগামছাড়া ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা অবাধ চলাচল, অদক্ষ চালক
যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানো-নামানোর কারণে বাড়ছে যানজট। দুর্ভোগ লাঘবে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ শহরবাসীর। যদিও পুলিশ বলছে, যানজট কমাতে তৎপর তারা।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরাণবাজার। জেলার সবচেয়ে বড় মার্কেট এটি। সারি সারি দোকান, তার সামনেই দীর্ঘ যানবাহনের সারি।
চাঁনমারি মসজিদ রোড থেকে পুরাণবাজার, আর কাজীরমোড় থেকে মিলন সিনেমা পর্যন্ত প্রতিদিন লেগেই থাকে যানজট। এছাড়া কাঠপট্টি, ইটেরপুল, শকুনী বেসিক শিল্পী নগরী থেকে শুরু করে লেকের পূর্বপাড়ের চিত্রও একই রকম।

