শ্রী মিঠুন বারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিন ব্যক্তি পালিয়ে যান। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার নিতপুর সীমান্তের শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল শুরু করে। পরে রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌনে ১২টার দিকে পাঁচজন ব্যক্তিকে সীমান্তের শূন্য লাইনের দিকে যেতে দেখে তাঁদের থামানোর চেষ্টা করেন বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন। তবে বাকি তিনজন পালিয়ে যান।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে বিজিবির দাবি। এ সময় তাঁদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, আটকের সময় পালানোর চেষ্টা করতে গিয়ে নাজমুল হোসেন মাটিতে পড়ে যান। এতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত লাগে। পরে তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন