খুঁজুন
, ,

মাদারগঞ্জে ড্রেজারে বালু উত্তোলনে ভেঙে গেছে ফসলী জমি ও রাস্তা, ভোগান্তিতে জনসাধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ড্রেজারে বালু উত্তোলনে ভেঙে গেছে ফসলী জমি ও রাস্তা, ভোগান্তিতে জনসাধারণ

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি:মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে ভেঙে গেছে ফসলী জমি বন্ধ হচ্ছে চলাচলের রাস্তা। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগরী এলাকায় যমুনার শাখা নদীর তীরে এ চিত্র।

নুরনবী খাঁ ও মনু খাঁ নামে দুজন ব্যক্তি প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তারা ওই ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত- তফজল খাঁ ও মোফাজ্জল খাঁ’র ছেলে। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। বালিজুড়ী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা তারিকুল ইসলাম , ইউপি সচিব ফরিদুল ইসলাম এবং গ্রাম পুলিশরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি জানতে পেরে ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে ড্রেজারের পাইপ নষ্ট করে। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন
সুখনগরী নদীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করে আসতেছিল একটি মহল। ইউএনও স্যারের নির্দেশে আমরা এখানে এসে লোকজন নিয়ে পাইপ গুলো ভাংচুর করে মেশিন ও পাইপ জব্বার করে নিয়ে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি তারপর ইউপি সচিবের সাথে গ্রাম পুলিশ পাঠিয়ে পাইপ ও মেশিন জব্দ করে রাখছে। পরবর্তীতে যে কাজ টা করছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক  সালন্দর-জগন্নাথপুর ভূমি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।

টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ণ
টাকার বিনিময়ে ভোট বিক্রির কুফল তুলে ধরে রানীশংকৈলে সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-২০২৭ উপলক্ষে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করেছে সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সচেতন নাগরিক সমাজের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান।

পরে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, টাকার বিনিময়ে ভোট বিক্রি করা মানে নিজের অধিকার বিক্রি করে দেওয়া। সামান্য টাকার লোভে অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আগামী ৫ বছর এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হয়। একজন জনপ্রতিনিধি ভোট কেনার জন্য যে টাকা খরচ করেন, নির্বাচিত হওয়ার পর সেই টাকা তিনি সুদে-আসলে তুলে নেন। ফলে দুর্নীতি বাড়ে, সাধারণ মানুষের ভাগ্য বদলায় না।

বক্তারা আরও বলেন, ভোট একটি পবিত্র আমানত। টাকার কাছে নয়, যোগ্যতা, সততা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধ দেখে প্রার্থীকে বেছে নিতে হবে। সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা টাকার বিনিময়ে ভোট না দেওয়ার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, নির্বাচন পর্যন্ত ধর্মগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ।

কালীগঞ্জ সহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ,কাপাশিয়া উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা থাকলেও জনবল সংকট নিরসন না হলে বাড়বে চিকিৎসাসেবার চাপ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ৮২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

রোগীদের কেউ হাসপাতালের সেবার মানের প্রশংসা করলেও, কেউ অভিযোগ করেছেন চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত থাকলেও তাঁরা অন্যত্র সংযুক্ত রয়েছেন। সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও সংকট রয়েছে।

এ অবস্থায় হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।