খুঁজুন
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন, ১৪৩২

দুর্গাপুর সাংবাদিক সমিতির চতুর্থ বর্ষপূর্তি : সমাজের প্রতি আমাদের নিবেদন

মামুন রণবীর
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
দুর্গাপুর সাংবাদিক সমিতির চতুর্থ বর্ষপূর্তি : সমাজের প্রতি আমাদের নিবেদন

সময়ের পরিক্রমায় নেত্রকোণা জেলার ইতিহাস-ঐতিহ্য-পর্যটনসমৃদ্ধ দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সাংবাদিক সমিতি আজ চতুর্থ বর্ষ পূর্ণ করলো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে একঝাঁক নিবেদিত সংবাদকর্মী নিয়ে চার বছর আগে যাত্রা শুরু করা দুর্গাপুর সাংবাদিক সমিতি নিয়মিত রিপোর্টিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিও বাস্তবায়ন করেছে।

সাংবাদিকদের এই সংগঠনের সদস্যবৃন্দ শুধুমাত্র সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ থাকেনি। তারা প্রতিনিয়ত সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিকতায় উৎকর্ষ সাধনে নানা কার্যক্রম করে চলেছে। তারা সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে
গিয়েছে।

একটি চমৎকার গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে সমিতির সামগ্রিক কার্যক্রম পরিচালিত হওয়ায় গত চার বছরে দুর্গাপুর সাংবাদিক সমিতি বেশ অগ্রসর হয়েছে।

দুর্গাপুর সাংবাদিক সমিতি ভালো মন্দ মিলিয়েই চারটি বছর পার করেছে। সেখানে যেমন অনেক নান্দনিকতা ছিলো তেমনি নিজেদের ছাড়িয়ে যাবার অনেক চ্যালেঞ্জও ছিলো।

সময়ের বাস্তবিকতায় অনেক চড়াই-উৎরাই পার হয়ে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের কলম কথা বলে সময়ের, কথা বলে সত্যের,কথা বলে বস্তুনিষ্ঠতার। আমাদের কাছে সাংবাদিকতা শুধুমাত্র নিউজ কাভারেজ নয়। সাংবাদিকতা আমাদের কাছে একটি মহান দায়িত্ব, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, পারস্পরিক আত্মনিবেদন এবং সমাজ ও সভ্যতার প্রকৃত চিত্র উপস্থাপন।

আমরা জানি,গণমাধ্যম সমাজের আয়না। আয়নায় যেমন নিজের চেহারা প্রতিবিম্বিত হয়, তেমনি দেশ, জাতি, সমাজ এমনকি সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবনযাত্রা, চিন্তাচেতনা, জাতীয় স্বার্থ ও দিকনির্দেশনা গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়। সেই গণমাধ্যম ও সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। সামাজিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সত্য-সুন্দর এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যম ও সংবাদকর্মীদের গুরুত্ব অপরিসীম।

সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য উদঘাটন, বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য সংগ্রহ করে জনগণের কাছে উপস্থাপন করা। যা সমাজকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে; এর দায়িত্বের মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার রোধে ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে কাজ করা, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, ভুল তথ্য প্রতিরোধ করা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করা। আমরা সেই বিষয়গুলো ধারণ করেই কাজ করে যাচ্ছি।

দুর্গাপুর সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়েছিলো শূন্য থেকে। সেই শূন্য থেকে কিভাবে পূর্ণতা দেয়া যায় সে চেষ্টাই প্রতিনিয়ত অব্যাহত ছিল। যেখানে ছিল সংবাদ,সাংবাদিকতা, সামাজিক দায় এবং বিভিন্ন মানবিক কার্যক্রম। যেখানে আলোর পথযাত্রী হিসেবে কাজ করেছে সমিতির সদস্যবৃন্দ। এই ধারা আগামীর দিনগুলোতেও অব্যাহত থাকবে।

চার বছরে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যক্রম –

১. জাতীয় দিবসগুলো উদযাপনে সক্রিয় অংশগ্রহণ।
২. অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালন।
৩. নয়নযোগী অনাথালয় ও ডাকুমারা এতিমখানায় চাল বিতরণের মাধ্যমে অনাথদের পাশে দাঁড়ানো ।
৪. পবিত্র রমজানে দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ এবং ইসলামী বিভিন্ন সামগ্রী প্রদান ।
৫. মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন ।
৬. সহযোগী সংগঠন হিসেবে দুর্গাপুর উপজেলার কৃতি ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ।
৭. সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ।
৮. সমিতির নিজস্ব পাঠাগার স্থাপনের মাধ্যমে নিয়মিত চর্চার পরিধি আরো সমৃদ্ধকরণ।
৯. সাংবাদিকদের দক্ষতা আরো বেশি শাণিত করতে তৃণমূল সাংবাদিকতা শীর্ষক মৌলিক প্রশিক্ষণ আয়োজন ।
১০. সময়ের সাথে নিজেদের আপডেট রেখে সাংবাদিকতা চর্চায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।
১১. সমাজের জন্য যা কিছু ইতিবাচক তা নিয়ে নানা পরিসরে কার্যক্রম পরিচালন এবং দুর্গাপুরের পর্যটনকে সারাদেশে ব্র্যান্ডিং করতে চ্যানেলের মাধ্যমে কার্যক্রম পরিচালন।
১২. গাজায় গণহত্যা বন্ধের আহ্বানে গণমানুষকে নিয়ে মানববন্ধন কর্মসূচি।
১৩. আর্তপীড়িত মানুষের কল্যাণে সমাজে ভয়েস রেইজ করা।
১৪. সাংবাদিক নির্যাতন বন্ধে বিভিন্ন কর্মসূচি আয়োজন।
১৫. সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন।

লেখক : সহ সভাপতি, দুর্গাপুর সাংবাদিক সমিতি।

মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
মাদারীপুরে চাঁদা না পেয়ে সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ আহত একাধিক

মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নে চাঁদা না পেয়ে এক সাংবাদিকের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সিনিয়র সাংবাদিক মাসুদ হোসেন খান জানান, একই এলাকার মৃত বাবন খাঁর ছেলে জাভেদ খাঁ ও তার ছেলে সুজন খাঁ দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানি করে আসছিল। বিভিন্ন সময় তার কাছে নগদ চাঁদা দাবি করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে এবং ক্ষতিসাধনের হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে তার বসতবাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এর ধারাবাহিকতায় ১১ মার্চ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আগুন দেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় জাভেদ খাঁর নির্দেশে সুজন খাঁ, ইমরান খান, রোমান খান, নাছিমা বেগম, মুনি বেগমসহ আরও ১০–১২ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির উঠানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক মাসুদ হোসেন খান বলেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়। পরে লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মেয়ে ইসমিতা খান মমির চুল ধরে টানাহেঁচড়া করা হয় এবং তার গলায় থাকা প্রায় এক ভরি তিন আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

মাসুদ হোসেন খান বর্তমানে এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি দৈনিক গণতদন্ত পত্রিকার মফস্বল সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক এবং কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও দায়িত্বে রয়েছেন

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
১০ ও ১১ মার্চ ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, কাটলা বিশেষ ক্যাম্প, মনিপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথকভাবে মোট ৬টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩,৬৭০ পিস বাংলাদেশি মদ তৈরির বড়ি, ২৮৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯,১০,৫০০ (নয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।