রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: সভাপতি সুমন, সাধারণ সম্পাদক অন্তর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। সদ্য সমাপ্ত এই নির্বাচনে সমিতির সদস্যদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের ডিলার সুমন সর্দার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ০৩ নম্বর ওয়ার্ডের ডিলার সাব্বির আহমেদ অন্তর।
নব-নির্বাচিত সভাপতি সুমন সর্দার ডিলার সমিতির দায়িত্বের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও একজন সুপরিচিত মুখ। তিনি বর্তমানে রাজশাহী শাহ মখদুম থানা বিএনপির সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন নেতৃত্বে ডিলার সমিতির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ডিলার সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অন্তর ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচিত ও পরীক্ষিত মুখ। তিনি বর্তমানে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে একই কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও নিষ্ঠার সাথে কাজ করেছেন।
নতুন এই নেতৃত্বের হাত ধরে রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির সাধারণ সদস্যদের অধিকার আদায়, ডিলারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সমিতির সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভোটার ও সাধারণ ডিলারবৃন্দ।


