মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবসে ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর বৃক্ষরোপণ ও মানববন্ধন
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে বৃক্ষরোপণ, সচেতনতামূলক মানববন্ধন ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং ‘সবুজ বাংলাদেশ’-এর সহযোগিতায় গতকাল বিকেলে মাদারীপুর লঞ্চঘাট সংলগ্ন খেয়া ঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
”গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সংগঠনের জেলা কমিটির সভাপতি আজিজুল আরফান প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি আহসানুল আলম স্বরন ও রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী, প্রচার সম্পাদক আফরোজা অপু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার রোজিনা, যুব ও ক্রীড়া সম্পাদক সৈকত হোসেন এবং কৃষি বিষয়ক সম্পাদক ফাহাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মোঃ আরিয়ান সায়েম, স্বর্নালী খান এবং মাদারীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাকিয়া আফরোজ শাম্মি। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক কর্মী ও বিপুল সংখ্যক যুবসমাজ অংশ নেন।
বিকেল ৫টায় অনুষ্ঠিত এই কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। পরে লঞ্চঘাট ও খেয়া ঘাট এলাকায় উপস্থিত পথচারী, স্থানীয় জনসাধারণ এবং ট্রলারে থাকা নদীর ওপার থেকে আসা গ্রামবাসীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় একযোগে দেশের ৬৪টি জেলায় এই সচেতনতামূলক ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ‘মিশন গ্রিন বাংলাদেশ’।

