দিনাজপুরে র্যাব-১৩’র পৃথক অভিযানে ১,১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১
দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক দুইটি অভিযানে মোট ১,১১৩ বোতল ফেনসিডিলসহ সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ১১ এপ্রিল ২০২৬ রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন ৪নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাতক আসামি মোঃ তোহিমুল ইসলাম ওরফে কেরু বিল্লাল (৩৪)-এর বাড়ির পূর্ব পাশে বসতঘরের দেয়াল সংলগ্ন স্থানে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ এবং ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক জব্দ করা হয়।
পৃথক আরেকটি অভিযানে একই দিন সকাল ৭টা ২০ মিনিটে কোতয়ালী থানাধীন ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিঁলাদীঘি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২৩৪ বোতল আরসিকাফ প্লাস ও ২০০ বোতল ফেনসিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আইন উদ্দীন (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল এবং মাদক পরিবহনে বিভিন্ন কৌশল ব্যবহার করত।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

