খুঁজুন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ, ১৪৩৩

আর্তমানবতার সেবায় হাত বাড়ালেন ব্যারিস্টার কায়সার,শিশু আব্দুল্লাহ পেল নতুন জীবন

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
আর্তমানবতার সেবায় হাত বাড়ালেন ব্যারিস্টার কায়সার,শিশু আব্দুল্লাহ পেল নতুন জীবন

শিশু আব্দুল্লাহ,বয়স তিন বছর। জন্ম থেকেই শিশুটির হার্টে সমস্যা। স্বাভাবিক চলাফেরায় ছিল খুব অসুবিধে। কিছুদিন আগেও তার জীবন সহজ ছিল না। তবে এখন সে সুস্থ৷ তার বাড়িতে গিয়ে দেখা গেল শিশুটি হাঁটছে,খাবার খাচ্ছে,খেলাধুলা করছে,মানুষ দেখলেই হাসছে। যেন এক সবুজ পাখির ওড়াওড়ি।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সম্প্রতি অপারেশন করে শিশু আব্দুল্লাহকে সুস্থ করে তোলা হয়েছে।

আব্দুল্লাহর পিতা খোকন মিয়া পেশায় দিনমজুর। তার মা মাজেদা খাতুন গৃহিণী। পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ছেলে,দুই মেয়ে নিয়ে তাদের টানাপোড়েনের সংসার। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নীলাখালী গ্রামে তাদের বাড়ি।

দিনমজুর খোকন মিয়ার সংসারে নুন আনতে যখন পান্তা ফুরায় তখন তার শিশুপুত্র আব্দুল্লাহকে নিয়ে পড়েন মহা দুর্বিপাকে৷ প্রায়ই অসুস্থ হয়ে শিশু আব্দুল্লাহর সারা শরীর কালো হয়ে যায়। সে চিৎকার করে। ঘুমাতে পারেনা,খাওয়াদাওয়া ঠিকমতো করেনা। এ অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা যায় আব্দুল্লাহর হার্টে সমস্যা। ডাক্তার জানায় হার্টের অপারেশন করতে হবে। এজন্য অনেক টাকার প্রয়োজন।

অপারেশনের কথা শুনে দিনমজুর খোকন মিয়া পড়েন মহা দুশ্চিন্তায়। হঠাৎ জানতে পারেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দু:স্থ অসহায় মানুষের চিকিৎসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছেন।

খোকন মিয়া সেখানে শিশু আব্দুল্লাহকে নিয়ে কায়সার কামালের দ্বারস্থ হয়ে সকল সমস্যার কথা খুলে বলেন। তার অসহায়ত্বের কথা শুনে তিনি শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি আব্দুল্লাহকে ভর্তি করা হয় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। ২২ ফেব্রুয়ারি তার হার্টের সফল অপারেশন হয়। সূচনা হয় শিশু আব্দুল্লাহর নতুন জীবনের।

আব্দুল্লাহর মা মাজেদা খাতুন বলেন,আমার ছেলেকে নিয়ে আমরা দিশেহারা ছিলাম। কিভাবে চিকিৎসা করাবো তার কোন কূলকিনারা পাচ্ছিলাম না। পরে কায়সার কামাল সাহেব চিকিৎসার দায়িত্ব নেয়। তার নিজের খরচে অপারেশন করা হয়। যাবতীয় চিকিৎসা ও ঔষধ খরচ তিনি বহন করেছেন। আমার ছেলে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আলহামদুলিল্লাহ,আবদুল্লাহ এখন সুস্থ। তার মা-বাবা সহ প্রতিবেশী সকলে খুশী । মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাদকবিরোধী ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক ১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামানের নির্দেশনায় এবং পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় মোঃ রাশেদুল ইসলাম (২৯)-এর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে দিনাজপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রাবিতে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উদযাপন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
রাবিতে পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংগীত জগতের প্রথিতযশা ব্যক্তিত্ব পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনে সংগীত বিভাগের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগীত বিভাগের পক্ষ থেকে মানপত্র, উত্তরীয় ও ফুল দিয়ে সংগীতাচার্যকে বরণ করা হয়। এ সময় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। পরে বিভাগের শিক্ষার্থীরা সমবেত রাগসংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানান বিভাগের প্রবীণ শিক্ষক প্রফেসর ড. অসিত রায় এবং ড. পদ্মিনী দে।

আয়োজন সম্পর্কে সংগীত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সনজিদা মইদ বলেন, ‘সংগীতের নন্দনতত্ত্ব ও গবেষণায় অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য। বাংলা ভাষাভাষী অঞ্চলে তাঁর সংগীত ঘরানার প্রভাব সুদূরপ্রসারী। জন্মশতবর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগীতচর্চায় আরও উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীত শিক্ষক অধ্যাপক ড. কাবেরী করসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর ঘরানার একজন বিশিষ্ট সংগীতজ্ঞ। ১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ও ছিলেন খ্যাতিমান সংগীতজ্ঞ। হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতে সুগায়ক হিসেবে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

নেত্রকোণার পর্যটনসমৃদ্ধ দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার গণমানুষের প্রাণের দাবি এবার পূরণ হচ্ছে।

এই দুই উপজেলার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে দুর্গাপুর ও কলমাকান্দায় নির্মিত হবে চারটি সেতু। ফলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন সহ জীবনযাত্রার মান পরিবর্তন হবে।

রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই চার সেতুর প্রকল্প অনুমোদিত হয়।

প্রকল্পের আওতায় কলমাকান্দার মহাদেও নদীর উপর ১টি,গণেশ্বরী নদীর উপর ১টি এবং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর ২টি সেতু নির্মিত হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ। দুর্গাপুর- কলমাকান্দার প্রাণের দাবি বাস্তবায়নের পথে আমরা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আজ একনেকে অনুমোদন পেয়েছে কলমাকান্দার মহাদেও নদীর উপর ১টি ও গণেশ্বরী নদীর উপর ১টি এবং দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপর ২টি, সর্বমোট ৪টি ব্রিজ। আল্লাহ আমাদের সহায় হউন।

দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বলেন, ব্যারিস্টার কায়সার কামালের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে চারটি সেতু নির্মিত হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। দুর্গাপুর ও কলমাকান্দাকে সারাদেশের মধ্যে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে এটি সুদূরপ্রসারী পদক্ষেপ।