খুঁজুন
, ,

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: শ্রী মিঠন বারোয়ার
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের আরও পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত চেকপোস্ট, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত আটজন ডাকাত একটি পিকআপ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি পাঁচজন পালিয়ে যায়

মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

শ্রী মিঠুন বারোয়ার, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন সাগর। পথে নিচ মহানগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো চক্রের দুই মাস্টার এজেন্ট গ্রেফতার, শতাধিক সিম ও ৩ মোবাইল উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো জুয়ার দুই মাস্টার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভুল্লি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একশতটি সিম কার্ড এবং ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেরা ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি অন্যদেরও এ খেলায় প্রভাবিত করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ক্যাসিনো খেলায় জড়িয়ে অনেকে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১ 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পালানোর সময় আরিফ হোসেন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক আরিফ হোসেন ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় আটক আরিফ হোসেনসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯/৯৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।