খুঁজুন
, ,

রাণীশংকৈলে ইয়াবা পাচারকালে পরিমনিসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
রাণীশংকৈলে ইয়াবা পাচারকালে পরিমনিসহ ৩ জন আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন— উপজেলার কলিগাঁও গ্রামের ইসমাইল (৩৫), তার স্ত্রী পারভিন আক্তার ওরফে পরীমনি (২৮) ও তার অপর স্ত্রী (নাম জানা যায়নি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইসমাইল তার দুই স্ত্রীকে নিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের গতিরোধ করে আটক করেন। পরে ঐক্যবদ্ধ জনতা তাদের রাণীশংকৈল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এলাকাবাসীর অভিযোগ, আটক ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার দুই স্ত্রীও এ চক্রের সক্রিয় সদস্য। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন–আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হরিদেবপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক, নারীসহ একাধিক ব্যক্তি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
হরিদেবপুরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক, নারীসহ একাধিক ব্যক্তি আহত

নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী:পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর এলাকায় পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে নারীসহ অন্তত ২ থেকে ৩ জনকে কামড়ানোর অভিযোগ উঠেছে একটি কুকুরের বিরুদ্ধে। এতে শিশু, নারী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর এলাকায় রিপন দাসের বাড়িতে থাকা একটি কুকুর ইতোমধ্যে কয়েকজনকে কামড়েছে বলে অভিযোগ রয়েছে।

গত দুই দিন আগে সকালে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার সময় কুকুরটির আক্রমণের শিকার হন মোসাঃ সিনথিয়া হাসান।

ভুক্তভোগী সিনথিয়া হাসান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে ছেলেকে নিয়ে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে রিপন দাসের বাড়ির দিক থেকে কুকুরটি দৌড়ে এসে তাঁর ছেলেকে কামড়ানোর চেষ্টা করে। এ সময় ছেলেকে রক্ষা করতে তিনি দ্রুত তাকে কোলে তুলে নেন। কিন্তু শেষ পর্যন্ত কুকুরটি তাঁকেই কামড় দেয়। পরে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই কুকুরটি আরও অন্তত দুজনকে কামড়েছে। তাঁরা অভিযোগ করেন, কুকুরটির বিষয়ে মালিককে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসী কুকুরটির মালিকের দায়িত্বশীল ভূমিকা এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত কুকুরের মালিক রিপন দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার বলতে কোনো কুকুর নেই। আমার বাড়িতে একটি কুকুর এসে থাকে। আসলে কুকুরটি কোথা থেকে এসেছে, তা আমি জানি না।

এদিকে বিষয়টি নিয়ে গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পশু চিকিৎসক ডা. শুভ্রতো শিকদারের সঙ্গে কথা হলে তিনি জানান, সরকারি হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে।

পাশাপাশি কুকুরটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মালিকের সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।
একটি কুকুরের আক্রমণে যদি একের পর এক মানুষ আহত হন, তাহলে আর কতটা বিপদের মুখে পড়লে সংশ্লিষ্টদের টনক নড়বে,এমন প্রশ্ন এখন হরিদেবপুরের সাধারণ মানুষের।

বিশেষ করে শিশুদের মাদ্রাসা ও বিদ্যালয়ে যাতায়াত, নারী ও বয়স্কদের চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। একটি অবাধে ঘুরে বেড়ানো কুকুর যেন পুরো এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায়, সে জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি, দ্রুত কুকুরটির অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

মাদারগঞ্জে নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী দক্ষিণ আতামারী এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে নদীর উপর ব্রীজ নির্মাণের দাবী দক্ষিণ আতামারী এলাকাবাসীর

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি:স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পরও নির্মিত হয়নি একটি সেতু। ফলে চরম দূর্ভোগে রয়েছে হাজারো মানুষ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের দক্ষিণ আতামারী নদী পারাপারে দূর্ভোগ কয়েক এলাকাবাসীর। প্রতিবছর এলাকাবাসী নিজেদের অর্থায়নে মাটি কেটে বাঁধ নির্মাণ করলেও বার বার ধসে যায়। দক্ষিণ আতামারী, ধারাবর্ষা, গুচ্ছগ্রাম ও শংকরপুর এলাকার প্রায় হাজারো মানুষের যাতায়াত। এসব এলাকার বাসিন্দারা কেউ অসুস্থ হলে উপজেলা সরকারি হাসপাতালে যেতে লাগে এক, দেড় ঘন্টা।

সেতু টি নির্মাণ হলে কয়েক এলাকার হাজার হাজার মানুষের সুবিধা হবে । আতামারী এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও স্বেচ্ছায়শ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে স্থায়ী একটি সেতু নির্মাণের দাবীতে নদীর তীরে এলাকার শতাধিক মানুষ মানববন্ধন করে। ব্রীজ নির্মাণে জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল এমপি’র সু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

দেড় কোটি  টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার: ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ণ
দেড় কোটি  টাকার সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহার: ক্ষুব্ধ এলাকাবাসী

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী-হলদিবাড়ি হাট পাকা সড়ক সংস্কারকাজে নিম্নমানের ৩ নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ৩ হাজার ৩০০ মিটার দীর্ঘ সড়কটি সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ে চলমান এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কটির দুই সাইডে প্রশস্তকরণের কাজে ব্যবহৃত খোয়ার অধিকাংশই ভঙ্গুর, মাটিমিশ্রিত, বড় বড় টুকরা ও নিম্নমানের।

স্থানীয়দের অভিযোগ, মানসম্মত ইটের খোয়ার পরিবর্তে ৩ নম্বর ইট ভেঙে তৈরি খোয়া সড়কে ব্যবহার করা হচ্ছে। এতে সংস্কারকাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মোবারক আলী বলেন, “আমি সরকারের কাছ থেকে ১৪ টাকা দরে ইট ক্রয় করেছি। এই ইট না দিয়ে কি ফেলে দেবো নাকি?”

তাঁকে ৩ নম্বর ইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।” পরে তিনি বলেন, “আপনার কিছু জানার থাকলে উপজেলা কার্য-সহকারী আবু সুফিয়ানের কাছে জেনে নেন।”

তবে উপজেলা কার্য-সহকারী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” বরাদ্দ কত এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ৩ হাজার ৩শত মিটার রাস্তায় ১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় পথচারী নবাব আলী বলেন, “রাস্তায় ৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। খোয়াগুলো দেখলেই বোঝা যায়, কয়েক বছর ইটভাটায় পড়ে ছিল। সেই খোয়াগুলো এখানে এনে কাজে লাগানো হচ্ছে। সরকারের বরাদ্দের টাকা এভাবে নষ্ট হলে দেশের উন্নয়ন হবে কীভাবে?”

কাঁচকালী বাজারের দোকানদার জয়নাল বলেন, “যে নিম্নমানের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে, তাতে এক বছর যেতে না যেতেই রাস্তা উঠে আবার নষ্ট হয়ে যাবে। আশা করছি, উপজেলা প্রকৌশলী দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী হয়েছিলেন। কিন্তু সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থ ব্যয় করেও দীর্ঘস্থায়ী সুফল পাওয়া যাবে না।

বালিয়াডাঙ্গী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শাহাজান আলী বলেন, “৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আমি সাইডে গিয়ে কাজ দেখে ব্যবস্থা গ্রহণ করব।”

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাসুদুল আলম বলেন, “৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করলে কাজ বন্ধ করে দেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সংস্কারকাজের গুণগত মান যাচাই করুক। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।