হরিপুরে দুপুরের পর ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা ঝুঁকছে কোচিংয়ে: ইউএনও
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুপুরের পর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা হয়ে যায়। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের চেয়ে কোচিং ও প্রাইভেটমুখী হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউএনও চন্দন কর বলেন, _”আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে দেখেছি, দুপুরের পর অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে যায়। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাস না করে কোচিং ও প্রাইভেটে সময় দিচ্ছে। এতে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।”_
তিনি আরও বলেন, _”শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী— তিন পক্ষকেই সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করতে হবে। অন্যথায় এই উপজেলার সামগ্রিক শিক্ষার ফলাফল ভালো করা সম্ভব নয়।”_
সভায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব মো. জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তাহের, আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

