খুঁজুন
, ,

স্তন ক্যান্সার প্রতিরোধে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে- মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
স্তন ক্যান্সার প্রতিরোধে   নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে- মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলার মিলনায়তনে এই জীবনমুখী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে মাসব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, স্তন ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে রোগ শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই রোগ প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের নারীদের সচেতন করার ওপরও তিনি বিশেষ জোর দেন।
সমাপনী ও বৈজ্ঞানিক এই অধিবেশনে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস,বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা পিপিএম, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অধিবেশনে বক্তারা বলেন, স্তন ক্যান্সার বিষয়ে নারীদের মনের সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সাথে দেশজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং (শনাক্তকরণ) সুবিধা আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এএইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, ডা. মো. জিয়াউল হক জিয়া, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দিনাজপুর এর যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল।
এরপূর্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা খাতের বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি স্তন ক্যান্সার প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন

বিশ্বনাথ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের ২০২৬-২৮ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে পৌর শহরের বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে মো. জুয়েল আহমদকে সভাপতি, মো. আরকুম আলীকে সাধারণ সম্পাদক ও আল তাহমিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২৬-২৮ সেশনের বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন‍্যান‍্য দায়িত্বপ্রাপ্তগন হলেন,
সিনিয়র সহ সভাপতি এমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় কর্মকার, অর্থ সম্পাদক ফেরদৌস হাসান নাঈম, দপ্তর সম্পাদক আলী হোসেন মুল্লা, সহ দপ্তর সম্পাদক সোহাগ আহমদ, ক্রীড়া সম্পাদক জাবু শাহ, প্রচার সম্পাদক হোসাইন আহমদ ইমলাক, সহ প্রচার সম্পাদক নাছির আহমদ, সদস্য সিরাজ মিয়া, ওলিউর ও জুনেদ মিয়া।
কার্যনির্বাহী সদস্য, সাবেক সভাপতি মোহাম্মদ আলী লিটন।

মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন।তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি মৎস্য সম্পদের উন্নয়নে নতুন নতুন গবেষণা পরিচালনার জন্য মৎস্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।সচিব বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি সম্পদ ব্যবহারে এবং অর্থ ব্যয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। গবেষণা প্রকল্পের একটি টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সবার জবাবদিহি রয়েছে।বর্তমান বেতন স্কেলকে সরকারের সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, আগের তুলনায় দ্বিগুণ বেতন স্কেল প্রদানের মাধ্যমে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার যথাযথ প্রতিদান দিতে সবাইকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কর্মক্ষেত্রে নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে।৩০ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রে আয়োজিত গবেষণা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম। তিনি বলেন, চলমান গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হলে ভবিষ্যতে মেরিকালচার বা সামুদ্রিক জলজ চাষে বিপ্লব ঘটানো সম্ভব হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে লোনাপানি কেন্দ্রের কেন্দ্রপ্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী কেন্দ্রের গবেষণার অগ্রগতি এবং চলমান গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান ও ফাল্গুনী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলছে রাবির যৌথ পাঠদান কর্মসূচি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলছে রাবির যৌথ পাঠদান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে Collaborative Online International Learning (COIL) পদ্ধতিতে সমন্বিত পাঠদান কার্যক্রম চলছে। ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ সালেও দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহরিয়ার শোভন এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হিরোসুকে তাতসুমি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৪ সালে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ যৌথ পাঠদান কার্যক্রমের সূচনা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালেও কার্যক্রমটি অব্যাহত ছিল।
COIL বা Collaborative Online International Learning হলো দুটি ভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের একটি অনলাইনভিত্তিক শিক্ষাপদ্ধতি। এ পদ্ধতিতে ভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা একই শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা জানান, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক পাঠদান শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে ভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পান।
কার্যক্রমে অংশ নেওয়া রাবির এক শিক্ষার্থী বলেন, এ কার্যক্রমে অংশ নিয়ে জাপানের শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং ভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছি। অনলাইনে যৌথ পাঠদানের মাধ্যমে আমাদের চিন্তাভাবনার পরিধি বাড়ছে এবং আন্তর্জাতিক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করছি। এটি পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনেও সহায়ক হবে বলে মনে করি।
রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহরিয়ার শোভন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শিনশু বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রমের মাধ্যমে আমরা আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে চাই।