ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফের প্রতিনিধি দল
ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নাধীন পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলায় চলমান বিভিন্ন কার্যক্রম মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রতিনিধিরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) জনাব মো. শাহারিয়ার মাহমুদ এবং পিপিইপিপি প্রকল্পের এপিসি জনাব মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় তাঁরা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং উপকারভোগীদের জীবনমানের পরিবর্তন সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পিকেএসএফ প্রতিনিধিদল প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা, মতামত ও প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
এ সময় ইএসডিও’র সিনিয়র উন্নয়ন কর্মীসহ পিপিইপিপি–ইইউ প্রকল্পের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইএসডিও’র এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

