চরদৌলতখান ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত
মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, র্যালি, ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চরদৌলতখান ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি মোক্তার হাট বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে চরদৌলতখান ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র বাড়ৈ উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ আদালত বা থানায় না নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি করা সম্ভব। তিনি জানান, গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির ক্ষমতা রাখে। ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি নির্ধারিত রয়েছে।
এ সময় গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন গ্রাম আদালতের আইন, বিধি-বিধান ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো প্রদর্শন করা হয়। পরে ভিডিও নাটকের ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. রিয়াদ হোসেন, উদ্যোক্তা হাফেজ আবু সালেহ, ইউনিয়ন পরিষদের নারী সদস্য, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ।

