খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ণ
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার পরে লাশ হাসপাতালে নেওয়ার সময়

মাদারীপুরে বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় আরও দুজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০) এবং তাঁদের চাচাতো ভাই পলাশ সরদার। আতাউর ও সাইফুল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়ি এলাকার বাসিন্দা আজিবর সরদারের ছেলে। সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পলাশ একই এলাকার মুজাম সরদারের ছেলে।

হামলার সময় প্রতিপক্ষের লোকজন বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত দুজন হলেন তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মোল্লা বাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি স্থানে বালু তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্রসহ সরদার বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে সাইফুল ও তাঁর দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন। পরে হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে তিন ভাইকে কুপিয়ে জখম করে। তাঁদের উদ্ধার করতে গেলে আরও দুজন হামলার শিকার হন। হামলাকারীরা আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতাউর ও সাইফুলের মরদেহ উদ্ধার করে এবং বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পলাশ মারা যান।

মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসক নাহিদা আক্তার জানান, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল, যাঁদের শরীরে ধারালো অস্ত্রের গভীর জখম ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আতাউর সরদারের স্ত্রী মাহামুদা বেগম স্বামী ও দেবরের মরদেহ নিয়ে হাসপাতালে আসেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামীর কী দোষ ছিল? সে তো সবার উপকার করত! শাজাহান মোল্লা, হাসান সরদার, হোসেন সরদার মিলে আমার স্বামী ও দেবরকে হত্যা করেছে। আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

নিহতদের বড় ভাবি রোজিনা বেগম বলেন, ‘মোল্লা বাড়ির লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমার স্বামী ও দুই দেবরকে কুপিয়েছে। আমার দুই দেবর মারা গেছে, স্বামীর অবস্থাও সংকটাপন্ন। সব শেষ হয়ে গেল।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা দুপুর দেড়টায় বলেন, ‘সাইফুল এর আগে ওই এলাকায় দুই বালু ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। এ ঘটনার জেরে ওই ব্যবসায়ীরা ও এলাকার কিছু আধিপত্য বিস্তারকারী ব্যক্তি একত্রিত হয়ে সাইফুল ও তাঁর ভাইদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তাঁরা মসজিদে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে তাঁদের কুপিয়ে হত্যা করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে, বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পরে বিকেলে ভাস্কর সাহা আরও জানান, ‘ঢাকায় নেওয়ার পর আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে নিহতের পরিবার থেকে এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রথম দুজন যে আপন ভাই, সেটি নিশ্চিত হওয়া গেছে।’

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।