মাদারীপুরে বসতঘর নির্মাণে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ
মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় পৈতৃক জমিতে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী সাব্বির হাওলাদারের বিরুদ্ধে খোকন হাওলাদার নামে এক ব্যক্তি এই অভিযোগ তুলেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বর্তমানে ওই বসতবাড়ির নির্মাণকাজ বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকন হাওলাদার তার পৈতৃক সম্পত্তিতে নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ চলাকালীন অভিযুক্ত সাব্বির হাওলাদার সেখানে গিয়ে বাধা প্রদান করেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। খোকন হাওলাদার এই অন্যায্য দাবির প্রতিবাদ করলে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে সাব্বির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর নির্মাণের কাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেন এবং কাজ চালিয়ে গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের ভয় দেখান।
ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী খোকন হাওলাদার বলেন, “আমি আমার নিজের জায়গায় ঘর তুলছি, কিন্তু সাব্বির হাওলাদার এসে বাধা দিচ্ছে এবং টাকা চাচ্ছে। আমি গরিব মানুষ, টাকা দিতে না পারায় সে আমার ঘরের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহিরচর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেলেও, ভুক্তভোগী খোকন হাওলাদার ন্যায়বিচারের আশায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত সাব্বির হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি”)

