বিরলে হামলায় আহত ব্যক্তি, চার লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ
দিনাজপুরের বিরল উপজেলায় জগদীশ চন্দ্র (৪০) নামের এক ব্যক্তি হামলায় আহত হয়েছেন। তাঁর কাছে থাকা চার লাখ টাকা খোয়া গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আহত জগদীশ বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জগদীশ চন্দ্র বিরল উপজেলার নেহালগ্রামের মন মোহনের ছেলে। তিনি বর্গা নিয়ে জমি চাষ করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ১৪ সেপ্টেম্বর জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য সেতাবগঞ্জের একটি হাটে যান জগদীশ। হাটে গরু পছন্দ না হওয়ায় টাকা সঙ্গে নিয়ে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলপুর বটতলীসংলগ্ন রেললাইন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। তাঁকে মারধর করে পাশের একটি স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁর হাত-পা ও গলায় রশি বাঁধা হয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাঁর কাছে থাকা চার লাখ টাকা পাওয়া যায়নি।
পরিবারের দাবি, মারধরের ঘটনায় জগদীশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণও হয়। এ সময় তাঁর চিৎকার শুনে এক পথচারী এগিয়ে এলে সেখানে থাকা ব্যক্তিরা চলে যান বলে পরিবারের সদস্যরা জানান।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে জগদীশকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে জগদীশের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশের পহ্ম থেকে বলা হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

