খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | একুশে বার্তা
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ
বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান ফেসবুক পোস্টে বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মুবারক।

তিনি বলেন, ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর হৃদয় আনন্দে উপচে পড়া ঈদুল ফিতর সমাগত হয়।

বীর জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ দেড় দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন-স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এ বছর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছাস-উৎসাহ উদ্দীপনার এক নতুন মাত্রা।

তবে মানুষের মনে পবিত্র আনন্দ-উচ্ছাসের এমন এক বাধাহীন ঊর্মিমুখর সময়েও অনেক মায়েদের মনে আনন্দ নেই। অনেক পরিবারে নেই উৎসবের আমেজ। কারণ ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের গুম, খুন, অপহরণ, জুলুম নির্যাতনে সন্তান স্বজনহারা লাখো পরিবারে নেমে এসেছিল জাহেলিয়াতের অন্ধকার। শুধুমাত্র জুলাই-আগষ্টেই পলাতক স্বৈরাচারের পতনের শেষ দিনগুলোতে প্রাণ হারিয়েছেন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ছাত্র-যুবক-কৃষক-শ্রমিক-রাজনৈতিক কর্মী কিংবা নিরীহ পথচারী এমনকি নারী শিশু বৃদ্ধ পর্যন্ত ফ্যাসিস্টের বুলেট থেকে রক্ষা পায়নি। আহত হয়েছেন ২০ সহস্রাধিক মানুষ।

ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতদের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধভাঙা উচ্ছাস নেই। ঈদের দিনেও হয়তো সন্তানহারা কোনো মায়ের চোখে অশ্রু। এই আনন্দঘন সময়েও স্বজনদের হৃদয়ে আপনজন হারানোর নিঃশব্দ কান্না। মাফিয়া চক্রের নির্মমতায় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রিয় মানুষটির কাছে বসেই অনেককে ঈদ আনন্দের এই দিনটি কাটাতে হচ্ছে আশা নিরাশা আর হতাশায়।

ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে যায়- তা হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায়, অবিচার ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে, যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদের কেড়ে নিয়েছে, যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা-মাতৃহারা করেছে, এই বাংলাদেশে তাদের বিচার হতেই হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে স্বজন হারা শোকসন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার।

আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভিঘাত সত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনের সংস্কৃতির দ্যোতক, আবহমানকাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান প্রদান। ঈদুল ফিতরের দিনে আমি আল্লাহর দরবারে মোনাজাত করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন সভাপতিত্ব ও সদস্য সচিব সৈকত সরকার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মামুন রণবীর।

এই আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.এ জিন্নাহ, ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার,পলাশ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য,ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র,সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।

নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল রবিবার দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর ইসলাম ও এসআই (নিঃ) মো. আব্দুল কাইয়ুম ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকার নতুন শাহী জামে মসজিদের উত্তরপাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে পুলিশ তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ৩৬ বোতল ও ৩৭৫ মি.লি. ওজনের ২৪ বোতল ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ এবং ৩৭৫ মি.লি. ওজনের ২০ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের বিদেশী মদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মদ সংগ্রহ করে দুর্গাপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ছাত্রদলকে আরো শিক্ষার্থীবান্ধব করতে কাজ করবো : ইমরুল কায়েস

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ছাত্রদলকে আরো শিক্ষার্থীবান্ধব করতে কাজ করবো : ইমরুল কায়েস

ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দমোহন কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইমরুল কায়েস।

​গত ২ মে রাতে সারাদেশে জেলা ও বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার কমিটি ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে আনন্দমোহন কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।

​ইমরুল কায়েসের পদপ্রাপ্তির খবরে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

ইমরুল কায়েস বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। সহ-সভাপতির দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। এই আস্থা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। আনন্দমোহন কলেজ ছাত্রদলকে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো। আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।