পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মো. আশাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও):ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা বিধান এবং সমাজে তাদের সঠিক মর্যাদা ও সুরক্ষা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে গুড নেইবারস, ইএসডিও-র থ্রাইভ প্রকল্প, আগ্রা বিডি ০২৮৪, ব্যাপিস্ট এইড-বিবিসিএফ এবং সোশ্যাল মোটিভেশন সার্ভিসের ইয়াং টু ইয়াং প্রকল্প।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক ও স্থানীয় প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের সামাজিক উদ্যোগ কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল এবং ডা. ঋতু রায়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা।

