খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

ধর্ষণ মামলায় সদ্য বহিস্কৃত ছাত্রদল নেতা কারাগারে,বানোয়াট-সাজানো-পরিকল্পিত ঘটনা দাবি পরিবারের

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
ধর্ষণ মামলায় সদ্য বহিস্কৃত ছাত্রদল নেতা কারাগারে,বানোয়াট-সাজানো-পরিকল্পিত ঘটনা দাবি পরিবারের

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি রিসোর্টে ১৯ বছর বয়সী তরুণীকে ধর্ষণ মামলার আসামি উপজেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত যুগ্ম-আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয় বর্তমানে কারাগারে আছেন।

গত ২৯ এপ্রিল এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। পরের দিন ৩০ এপ্রিল দুর্জয়কে জেলা আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এই ধর্ষণ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো ও পরিকল্পিত ঘটনা উল্লেখ করে দুর্জয়ের মা মোছা. খাদিজা আক্তার নিজের ছেলেকে নির্দোষ দাবি করেছেন।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি লিখিত বক্তব্যে বলেন,”আমার পুত্র মো. ফয়সাল আহমেদ দুর্জয় একজন সহজ সরল, নম্রভদ্র স্বভাবের মানুষ। সে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে জড়িত থেকে সুনামের সাথে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। কোন সময়ই সে কোন ধরণের অসামাজিক এবং সামাজিক বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না। কিছুদিন ধরে তাকে বিভিন্নভাবে মান-সম্মান নষ্ট করার জন্য বা সামাজিকভাবে হেস্তনেস্ত করার জন্য কতিপয় ব্যক্তি, বন্ধু দাবী করে তার সাথে মেলামেশা করে আসছিলো যা আমার পুত্র বুঝে উঠতে পারেনি।”

তিনি আরও বলেন,”সম্প্রতি আমার পুত্রকে জড়িয়ে ধর্ষণ কার্যক্রমের যে নাটক সাজিয়ে মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো এবং পরিকল্পিত ঘটনা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। মূলত যে নারী আমার পুত্র দুর্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সে প্রকৃতপক্ষে একজন দুশ্চরিত্রা মেয়ে ও একজন কলগার্ল। এই খবরও আমরা জেনেছি। এই মেয়েটি অর্থাৎ প্রমি আক্তার এটাই তার চরিত্র ও ব্যবসা। সে মেয়েটি ও মুন্না মিয়া উভয়েই সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর সক্রিয় কর্মী। সম্প্রতি নাটকীয় ঘটনার পর ওই মেয়ে অর্থাৎ প্রমি আক্তারের অসামাজিক এবং কু-কর্মের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ পেয়েছে। যা সকলেই অবগত আছেন। এতেই প্রমাণিত হয় এই মেয়েটি কলগার্ল।”

দুর্গাপুর থানার ওসিকে দোষারোপ করে মোছা. খাদিজা আক্তার লিখিত বক্তব্যে বলেন,”মামলার বাদী প্রমি আক্তারের জবানবন্দি অনুযায়ী আপনারা (সাংবাদিকবৃন্দ) মামলার এফআইআরটি পড়লে বুঝতে পারবেন যে, গত ২৮ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মুন্নার সাথে রিসোর্টে অবস্থান করে আসছে। স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান রিসোর্টে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে এবং প্রকৃত ঘটনা আড়াল করে উৎকোচের বিনিময়ে ছাত্রলীগ কর্মী মুন্নাকে বাঁচানোর জন্য আমার ছেলেকে ফাঁসিয়ে দেয়। প্রকৃত ধর্ষণকারী মুন্নাকে দুর্গাপুর থানার গত বছরের ২২ নভেম্বর তারিখের পুরাতন একটি মামলায় গ্রেফতার দেখায়। উৎকোচের বিনিময়ে ওসি মাহমুদুল হাসানের সহযোগিতায় ধর্ষণ নাটকটি মঞ্চায়িত হয়েছে। সেজন্যই ছাত্রলীগ নেতা ও প্রকৃত ধর্ষণকারী মুন্নাকে রক্ষা করে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ দুর্জয়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবী জানান মোছা. খাদিজা আক্তার।

সংবাদ সম্মেলনে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে। আমরা আইনের ভিতরে থেকে যা ঘটেছে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে যে মামলা দিয়েছে আমরা নিয়মতান্ত্রিকভাবে সে মামলা রুজু করে আদালতে প্রেরণ করেছি।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবার বা বিবাদী পক্ষ তাদের আধিকার আছে সংবাদ সম্মেলন করে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছে। মামলাটি তদন্তাধীন, প্রকৃত ঘটনা এই তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।

এদিকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ২৯ এপ্রিল রাতেই ফয়সাল আহমেদ দুর্জয়কে ছাত্রদলের পদ থেকে বহিস্কার করা হয়।

৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে বেলাল (স্থানীয়ভাবে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) পীরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেলাল ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিজের বাসার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি আগেভাগেই নজরদারি করতেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন সভাপতিত্ব ও সদস্য সচিব সৈকত সরকার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মামুন রণবীর।

এই আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.এ জিন্নাহ, ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার,পলাশ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য,ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র,সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।

নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল রবিবার দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর ইসলাম ও এসআই (নিঃ) মো. আব্দুল কাইয়ুম ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকার নতুন শাহী জামে মসজিদের উত্তরপাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে পুলিশ তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ৩৬ বোতল ও ৩৭৫ মি.লি. ওজনের ২৪ বোতল ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ এবং ৩৭৫ মি.লি. ওজনের ২০ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের বিদেশী মদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মদ সংগ্রহ করে দুর্গাপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।