খুঁজুন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে কলি হাসান নামের অপর সাংবাদিক।

বৃহস্পতিবার (৫ মার্চ) নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। দ্রুত বিচার মামলা সি আর নং-৮(১)/২৬। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নুসরাত জাহান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এই মামলায় অভিযুক্তরা হলেন, সিরাজুল ইসলাম ওরফে সজীম শাইন, পলাশ সাহা এবং আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন রণবীর। তাদের মধ্যে সজীম শাইন দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক, পলাশ সাহা দুবারের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং মামুন রণবীর তিনবারের নির্বাচিত সহ সভাপতি। তারা প্রত্যেকেই বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করে আসছেন। এছাড়া তারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন। দুর্গাপুর সাংবাদিক সমিতির সূচনালগ্ন থেকেই তারা সততা,বস্তুনিষ্ঠতা ও দক্ষতার সাথে উক্ত সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের সম্মানহানি ও হয়রানি করতে এই মিথ্যা মামলা দায়ের করেছে কলি হাসান।

মামলার বিবরণে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের তিন সদস্য সভাপতি কলি হাসানকে অফিস কক্ষে অশ্লীল ভাষায় গালাগালি ও মারধরের চেষ্টা করেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

দুর্গাপুর সাংবাদিক সমিতির ওই মিটিংয়ে উপস্থিত বিভিন্ন সদস্যের সাথে কথা বলে জানা গেছে, সেদিন মিটিংয়ে কলি হাসানের সাথে সংগঠনের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় সদস্যদের। তারা ওই মিটিংয়ে রেজ্যুলেশনে উল্লেখিত বিভিন্ন বিষয়ে কলি হাসানের কাছে ব্যাখ্যা জানতে চান। কলি হাসান সদুত্তর দিতে না পেরে বারবার সদস্যদের থামিয়ে দেন এবং কথা বলতে বাধা দেন। কোন কোন সদস্যকে বলেন, সাংগঠনিক বিষয় নতুন করে শিখে এসে মিটিংয়ে বসতে। একপর্যায়ে সদুত্তর দিতে না পেরে, সাধারণ সম্পাদকের সাথে কথা না বলেই সম্পূর্ণ এককভাবে তড়িঘড়ি করে মিটিং স্থগিত করার ঘোষণা করেন। সাধারণ সম্পাদক নিয়মনীতি মেনে মিটিং সমাপ্ত করার কথা বললেও কলি হাসান কোন কর্ণপাত করেনি।

দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্যরা বলেন, সংগঠনের সদস্যদের প্রতি তৎকালীন সভাপতি কলি হাসানের অসদাচরণ, সদস্যদের বিরুদ্ধে চক্রান্ত, সদস্যদের অবমূল্যায়ন করা, বিভিন্ন সাংগঠনিক বিষয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত গ্রহণ, কারো সাথে পরামর্শ না করে একক সিদ্ধান্তে যাচ্ছেতাইভাবে সংগঠনের সুনাম ক্ষুন্ন করে কর্মসূচি করা সহ প্রাসঙ্গিক বিভিন্ন কারণে সভাপতি/সাধারণ সম্পাদক সহ বর্তমান পর্ষদের প্রতি অনাস্থা এনে গত ২৮ ফেব্রুয়ারি উক্ত পর্ষদ বিলুপ্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। উক্ত সিদ্ধান্তগুলোতে সংগঠনের ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন সদস্য লিখিতভাবে একমত পোষণ করেন। পরে এটি নিউজেও প্রকাশিত হয়।

সংগঠনের সদস্যরা বলেন, এই আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে কলি হাসান নতুন চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করে। এরই প্রেক্ষিতে সে বিভিন্ন ঘটনার অবতারণা করে এবং সংগঠনে ভাঙন ধরানোর পাঁয়তারা করে।

কলি হাসান গত ৩ মার্চ দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ০৮:৪৫ ঘটিকায় অফিসে গিয়ে আমার সংরক্ষিত ড্রয়ারের আমার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথি, সংগঠনের বিভিন্ন দপ্তরের আবেদনের অনুলিপি, আমার ব্যবহৃত সীল, সাংবাদিক ০২টি আইডি কার্ড, জিআর চাল বিক্রয়ের ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা, টেবিলের উপরে থাকা একটি ডায়রী, সাংবাদিক লগোযুক্ত একটি গ্লাস যথাস্থানে পাই নাই। তখন টেবিলের উপরে আমার ব্যবহৃত নেম প্লেটটি ভাঙা অবস্থায় দেখতে পাই।

সাংবাদিক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব এবং নির্বাহী সদস্য দিলোয়ার হোসেন তালুকদার বলেন, থানায় সাধারণ ডায়েরিতে কলি হাসান যে সময় উল্লেখ করেছেন সেই সময়ে অফিস সম্পূর্ণ আগের অবস্থাতেই ছিল।

শফিকুল আলম সজীব বলেন, আমি রাত ৯:৩০ পর্যন্ত অফিসে ছিলাম। ওই সময় পর্যন্ত অফিসের সবকিছু স্বাভাবিক ছিল। কলি হাসান মূলত মিথ্যা অভিযোগ করেছে। সে জিআর চাল বিক্রির বিষয়টি কাউকে না জানিয়েই করেছে। এটি সম্পূর্ণ সংগঠন বিরোধী কাজ। অনেক সাংগঠনিক কর্মকাণ্ড সে আমাকে বা কাউকে না জানিয়ে একাই সিদ্ধান্ত নিয়ে করেছে। যা সম্পূর্ণরূপে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী।

দিলোয়ার হোসেন তালুকদার বলেন, কলি হাসান প্রাণনাশের হুমকি উল্লেখ করে যে মামলাটি দায়ের করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা। যাদের অভিযুক্ত করে মামলা করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। মূলত তাদেরকে হয়রানি করতে এই মামলা করেছে কলি হাসান। আমরা এই হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। কলি হাসান জিআর চাল বিক্রির টাকা নিজে আত্মসাৎ করতেই এতো নাটক সাজাচ্ছে।

সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য আদনানুর রহমান বলেন, কলি হাসানের এই ন্যাক্কারজনক কান্ডের নিন্দা জানায় সাংবাদিক সমিতি। তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়েছে দুর্গাপুর সাংবাদিক সমাজ ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় চারদিনব্যাপী হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। বিজয়ীদের মাঝে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

কলমাকান্দায় ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।