খুঁজুন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন, ১৪৩২

দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করলো সিপিবি

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করলো সিপিবি

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ।

এই অনুষ্ঠানে আলোচকরা বলেন,১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তারা লাখো নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার ৫৪ বছর পরও এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ,সাংস্কৃতিক কর্মী ও ছাত্র সমাজের প্রতিনিধিরা। তারা বলেন,গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। যারা দেশবিরোধী শক্তির পৃষ্ঠপোষকতা করে, তাদের রুখতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

এই আয়োজন সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে আরো আলোচনা করেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় কলমাকান্দায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির আয়োজনে এবং ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় চারদিনব্যাপী হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫টি গ্রুপে বিভক্ত করা হয়। বিজয়ীদের মাঝে বাইসাইকেল, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

গত বছর প্রথমবার এই আয়োজন করে উপজেলা বিএনপি। এবার ২য় বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হলো।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তারা বলেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

কলমাকান্দায় ২য় বারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।