ডিবি পুলিশের ছদ্মবেশে প্রতারণা: আটক ৫
ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিবি পুলিশের ছদ্মবেশে প্রতারণার মাধ্যমে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে জিম্মি করে দুই লাখ টাকা লুটের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের ১৩ ধরনের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর এলাকার বাসিন্দা মো. আজাহার আলীর সঙ্গে ১০-১২ দিন আগে আলমগীর নামে এক ব্যক্তির পরিচয় হয়। একপর্যায়ে আলমগীর তার কাছে আমেরিকান ডলার থাকার কথা জানিয়ে কম মূল্যে বিক্রির প্রস্তাব দেন।
ওই প্রস্তাবে রাজি হয়ে গত ৫ জুন আজাহার আলী দুইজন সহযোগীসহ দুই লাখ টাকা নিয়ে ভূল্লী বাজারে আসেন। পরে অভিযুক্তরা তাকে ভূল্লী এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ও তার সহযোগীদের একটি কক্ষে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের হাতকড়া পরিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং সঙ্গে থাকা দুই লাখ টাকা কেড়ে নেয়।
ঘটনার বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে ভূল্লী থানা পুলিশ দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ভিকটিমদের উদ্ধার করে এবং পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) ও মোখলেছ (৪৮)। এ ঘটনায় আলমগীর ও বাদশা নামে আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে আমেরিকা, ইন্দোনেশিয়া, ওমান, ইউরো, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতীয় মুদ্রাসহ মোট ১৩ ধরনের বিদেশি মুদ্রা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ভূল্লী থানায় অবৈধভাবে আটক, প্রতারণা, সরকারি কর্মকর্তা পরিচয়দান, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ

