ঠাকুরগাঁওয়ে ৫ দিন বন্ধ থাকছে পল্লী বিদ্যুতের সব ধরনের বিল পরিশোধ
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বিলিং সফটওয়্যার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যমান বিলিং পদ্ধতি থেকে ‘ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেম’ (ICBS) এ রূপান্তরের কার্যক্রমের কারণে আগামী ১৯ আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন সব ধরনের বিদ্যুৎ বিল গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে।
আজ সোমবার(১৭ আগস্ট) ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী নতুন সফটওয়্যার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ আগস্ট (বুধবার) বিকাল ৪টা থেকে ২৩ আগস্ট (রবিবার) রাত ১২টা পর্যন্ত ব্যাংক, এজেন্ট ব্যাংক এবং অফিসের ক্যাশ শাখার মাধ্যমে সব ধরনের বিল পরিশোধ ও বিলিং সংক্রান্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও রকেটের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রেও সাময়িক পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৯ আগস্ট দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে ২৪ আগস্ট সকাল ৯টা পর্যন্ত এই মাধ্যমগুলোতেও বিল গ্রহণ বন্ধ থাকবে। তবে ২৪ আগস্ট সকাল ৯টার পর থেকে যথারীতি বিকাশ ও রকেটের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।
সফটওয়্যার আপডেটের কারণে গ্রাহকদের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য বিল পরিশোধের সময়সীমা বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেসব গ্রাহকের বিল পরিশোধের শেষ সময় (বিলম্ব মাশুল ব্যতীত) ২০ আগস্ট থেকে ২৪ আগস্টের মধ্যে ছিল, তারা কোনো অতিরিক্ত ফি বা বিলম্ব মাশুল ছাড়াই আগামী ২৫ আগস্ট পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং সিস্টেমের আধুনিকায়নের স্বার্থেই এই প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। সাময়িকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ সেবা বন্ধ থাকায় গ্রাহকদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।
গ্রাহকদের এই সময়ের আগে বা পরে তাদের বিল সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

