খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই মাসকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল— ‘ফ‍্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। এটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল, সেটা আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন- নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু- বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালকদের—যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন; সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য— জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা।’

তিনি বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই— আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে।’

‘এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনরুজ্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব- এই অনুষ্ঠানমালার মাধ্যমে। এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনোরকমে মাথাচাড়া দিতে না পারে’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক। এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের ঐক্য আমাদের সর্বমুখী হোক, অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
রাণীশংকৈলে জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের গভীর শোক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মহর আলী গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়ার পথে পথিমধ্যে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন বুধবার বিরাশি স্কুল মাঠে জানাযা শেষে মমরেজপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে,৩ মেয়েসহ অশংখ্য গুনগ্রাহী ও দলীয় নেতা কর্মি রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁ জেলা আমির বেলাল উদ্দীন প্রধান,ঠাকুররগাঁ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল হাকিম,৩ আসনের মিজানুর রহমান,উপজেলা আমির রফিকুল ইসলাম,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রিয় পরিষদের সদস্য মতিউর রহমান,উপজেলা সভাপতি রফিকুল ইসলাম,যুব বিভাগ সভাপতি মোকারম হোসাইনসহ স্থানীয় ব্যাবসায়ী সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শোক প্রকাশ করেছেন এবং শোক সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ফার্মের খাবার খেয়ে ২ শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে

স্টাফ- রিপোর্টার:  ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মে খাবার গ্রহণের পর দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি শ্রমিকরা স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের খচা বাড়ি হাট এলাকার দক্ষিণ পাশে অবস্থিত নথ এগ্রো লিমিটেডের ফার্মে কর্মরত স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার গ্রহণের কিছু সময় পরই একাধিক শ্রমিকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়।
অল্প সময়ের মধ্যেই অসুস্থদের সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রসহ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ভর্তি রোগীদের মধ্যে কয়েকজনের অবস্থা তুলনামূলক গুরুতর হলেও চিকিৎসকদের মতে অধিকাংশই শঙ্কামুক্ত।
চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে পুরো এলাকায় এ ঘটনার পর চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: এসো হে বৈশাখ এসো এসো এ স্লোগানে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন আয়োজিত পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়।  বাঙালির ঐতিহ্য পান্তা-ইলিশ খাওয়া শেষে উপজেলা খরকা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, এসিল্যান্ড রাসেল দিও,  প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান,  বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।

 

এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,  শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।  মেলায় ঐতিহ্যবাহী খাবার, লাঠি খেলা, সাপ খেলা, হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়।