জামিনে বের হয়ে সাংবাদিককে হুমকি; বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশের জেরে জামিনে মুক্ত হয়ে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে কুখ্যাত মাদক ব্যবসায়ী যুবদল নেতা জুয়েল রানার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ মে) বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হন ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। ওই ঘটনার সংবাদ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক আল মামুন জীবন।
সাংবাদিক আল মামুন জীবন অভিযোগ করেন, জামিনে মুক্ত হয়ে গত ১৯ মে জুয়েল রানা মুঠোফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় তিনি বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর সরকার, সিনিয়র সাংবাদিক এম এন নুরুল ইসলাম, জুলফিকার আলী ও ইলিয়াস আলী। এসময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সাংবাদিকের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আদালতের মাধ্যমে ওয়ারেন্ট হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
এদিকে, ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক মুক্তা জানান, জুয়েল রানাকে তিন দিন আগে শোকজ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শোকজ নোটিশ সাংবাদিকদের প্রদান করতে পারেননি।

