খুঁজুন
, ,

বিএনপির মানবিক উদ্যোগ : চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
বিএনপির মানবিক উদ্যোগ : চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো

সমাজের বয়োজ্যেষ্ঠ নাগরিক তারা। কারো বয়স ৬০,কারো ৬৫ বা তদুর্ধ্ব। শরীরে বয়সের ছাপ পড়েছে। চোখে রোগ বাসা বেঁধেছে। বহুদিন ধরে তারা চোখের অসুখে ভুগছেন। কিন্তু সামর্থ্য না থাকায় চিকিৎসা করাতে পারেননি। ফলে ক্রশম অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। সমাজের এই দু:স্থ মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির এই কেন্দ্রীয় নেতার মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পাচ্ছেন তারা। তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়াদাওয়া,ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে তিনি সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করছেন। তার উদ্যোগে হতদরিদ্র মানুষ পেয়েছে নির্ভরতা।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়।

বুধবার (২৩ জুলাই) অর্ধশত চোখের রোগীকে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ২৬ জন নারী এবং ২৪ জন পুরুষ রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা রোগীদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, অপারেশন করে চোখের আলো ফিরে পাবার প্রতীক্ষায় রয়েছেন তারা। এই মানবিক উদ্যোগের জন্য ব্যারিস্টার কায়সার কামালকে তারা ধন্যবাদ জানান।

চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব নারী ফুলজান বিবি অন্য রোগীদের সাথে ময়মনসিংহে হাসপাতালে যাচ্ছেন। তার চোখের ছানি অপারেশন করা হবে। তিনি দিনটির অপেক্ষায় ছিলেন। তিনি বলেন,চোহে দেহি না। এই বুড়া বয়সে তাই কষ্টের শেষ নাই। অপারেশন কইরা চোখ ভালা করবো। টেকা পয়সা ছাড়াই আমরারে চিকিৎসা দিবো।

প্রত্যন্ত গুদারিয়া গ্রাম থেকে এসেছেন ইসলাম খাঁ। তিনি ভুগছেন চোখের অসুখে। তাই কাজকর্ম ঠিকমতো করতে পারেন না। তিনি বলেন,পয়সার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। ব্যারিস্টার কায়সার ভাই আমাদের বিনামূল্যে চোখের যাবতীয় চিকিৎসা করাচ্ছেন। ছানি অপারেশনের পর চোখ ভালো হলে আবার কাজকর্ম করতে পারবো।

কৃষ্ণেরচর এলাকা থেকে আসা আবুল মনসুর বলেন,চোখে দেখতে না পেয়ে কয়েক বছর ধরে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি। কিন্তু অপারেশনের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখ ভালো হয়নি। এখন ব্যারিস্টার কায়সার কামালের সহায়তার চোখের চিকিৎসার জন্য যাচ্ছি।

জানা গেছে,বিভিন্ন ধাপে ৯৩২ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে। কিছুদিন পূর্বে অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন।

বিএনপির মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দু:স্থ-অসহায় এসব মানুষ চক্ষু চিকিৎসা প্রাপ্তির পর চোখের আলোয় তারা দেখবেন জীবনের আলো।

ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
ঘনকুয়াশায় ঢেকে গেছে রানীশংকৈল, ভোগান্তি শুরু খেটে খাওয়া মানুষদের

ঠাকুরগাঁও প্রতিনিধি: চলছে অগ্রহায়ণ মাস, নবান্নের উৎসব। এসময় কৃষক-কৃষাণী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো ছুটে চলে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে। কিন্তু উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় আগেভাগেই জানান দিয়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে খেটে খাওয়া মানুষদের ভোগান্তিও শুরু হয়েছে |

বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকে ঘনকুয়াশার চাদরে ঢেকে গেছে রানীশংকৈল উপজেলা। ভোর থেকে চারদিকে ঘনকুয়াশা এবং হিমশীতল ঠান্ডা হাওয়া বইছে। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

তাপসী বালা জানান, “সবে মাত্র আমন কাটা শুরু হয়েছে। মানুষের জমিতে কাজ করে আয়-উপার্জন করে সংসার চালাই। কিন্তু আজকে প্রচন্ড কুয়াশা আর হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রানীশংকৈল উপজেলার ভ্যানচালক লাভলু জানান, “গত কয়েকদিন ধরে আবহাওয়া ঘোলাটে। এই প্রচন্ড কুয়াশার কারণে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। ঘনকুয়াশার কারণে রাস্তায় লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। হিমশীতল ঠান্ডা হাওয়ার কারণে যাত্রীরাও আর ভ্যানে উঠতে চায় না। এতে আগের তুলনায় আয়-রোজগার কমে গেছে।”

অপরদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, রাস্তার আশপাশে খোলা বাজারে বিক্রি হচ্ছে শীতের কাপড়। আর এই খোলা বাজার থেকেই সাধারণত খেটে খাওয়া মানুষগুলো শীতের কাপড় কিনছেন।

ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ভ্যানচালক বাবার মেয়ে মমিনা এখন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডার

রংপুর প্রতিনিধি: একসময় বাবাকে সংসারের খরচ জোগাতে প্রতিদিন রিকশাভ্যান নিয়ে রাস্তায় নামতে হতো। আর সেই বাবার মেয়েই আজ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

গল্পটা রংপুরের বদরগঞ্জের মমিনা খাতুনের। তাঁর বাবা আতিয়ার রহমান একজন রিকশাভ্যানচালক। অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়াটাও ছিল পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ।

স্কুলে যাওয়ার পথে শুনতে হতো কটূক্তি — ‘ভ্যানচালকের মেয়ে’! কিন্তু মানুষের কটূক্তি কিংবা অভাবের কাছে হার মানেননি মমিনা।

অর্থসংকটের কারণে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলেও প্রথম আলো ট্রাস্টের বৃত্তি তাঁকে এগিয়ে যেতে সহায়তা করে। অদম্য চেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি ও এইচএসসি — দুটিতেই অর্জন করেন জিপিএ-৫।

এরপর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি।

একজন বাবার ঘাম, ত্যাগ আর মেয়ের অদম্য স্বপ্ন আজ এনে দিয়েছে এমন গর্বের অর্জন। যে বাবা একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাতে সংগ্রাম করেছেন, সেই বাবার মেয়েই আজ দেশের মানুষের সেবা করার পথে।

মমিনা প্রমাণ করলেন, মানুষের পরিচয় তার পারিবারিক আর্থিক অবস্থা দিয়ে নয়, তার স্বপ্ন ও পরিশ্রম দিয়ে তৈরি হয়।

রংপুরের মমিনা খাতুন ও তাঁর গর্বিত বাবা আতিয়ার রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ণ
সালন্দর ভূমি অফিস ও স্কুল পরিদর্শন করলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আকস্মিকভাবে  সালন্দর ও-জগন্নাথপুর ভূমি অফিস  পরিদর্শন করেন।

১৬ নভেম্বর ( সোমবার) পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কী ধরনের সেবা পাচ্ছেন, সেবা নিতে কোনো সমস্যা বা ভোগান্তি হচ্ছে কি না — সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযোগ বা ভোগান্তি থাকলে তা জানানোর এবং প্রতিকার পাওয়ার ব্যবস্থা সম্পর্কেও তাদের অবহিত করেন।

এ সময় তিনি জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণ ও সেবার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

একই দিনে তিনি সালন্দর উচ্চ বিদ্যালয় ও সালন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা এবং ক্লাবসহ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন জেলা প্রশাসক।