খুঁজুন
, ,

প্রথমবারের মতো রাবির আইআর বিভাগে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’ অনুষ্ঠিত

মীর তুহিন, রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
প্রথমবারের মতো রাবির আইআর বিভাগে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার–২০২৫”। রোববার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইআর বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রাণিত করবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আইআর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সার্টিফিকেট অর্জন করেছে—এটি অত্যন্ত গর্বের বিষয়। বিভাগটি এখনও নতুন হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে শিক্ষক নিয়োগে।”

অন্যদিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, “এমন ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোগের প্রমাণ। এই বিভাগের কো-কারিকুলার সাফল্য সত্যিই অনুকরণীয়।”

সবশেষে আইআর বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধাবী হলেও সুযোগ ও তথ্যের অভাবে তাদের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হয় না। শুধু সিজিপিএ নয়, কো-কারিকুলার কার্যক্রমেও মূল্যায়ন জরুরি। আজকের ফেয়ারের উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের গোপন প্রতিভা তুলে ধরা। গর্বের বিষয়, আমাদের ৭ জন শিক্ষার্থী হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট অর্জন করেছে।”

উল্লেখ্য, অনুষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাসিবুল হাসান তুর্য এবং দ্বিতীয় হন জাহিদ হাসান রানা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রায়ান ইস্তিয়াক, আর যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইস্তিয়াক ও শারমিন জাহান সেতু।

সেমিনারে ড. শরিফুল বলেন, “রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও সম্মানজনক সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি। রোহিঙ্গারা তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত যেতে চায়, তবে এর জন্য তাদের নৃ-তাত্ত্বিক পরিচয়ের স্বীকৃতি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “রাখাইন প্রদেশে মানবিক করিডর গড়ে তোলা হলে, তা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তবে এ সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখতে হবে।”

সেমিনারে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে নতুন এসিল্যান্ড শাহরিয়ার আহমেদ খান

রাণীশংকৈল প্রতিনিধি: রাণীশংকৈল উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন জনাব শাহরিয়ার আহমেদ খান।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, তিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলি হয়ে রাণীশংকৈলে যোগদান করবেন। তার পরিচিতি নম্বর ২৪-৪১০০১৩৯।

একই আদেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় মোট ১১ জন সহকারী কমিশনার (ভূমি) কে বদলি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি রাণীশংকৈলে এসে দায়িত্বভার গ্রহণ করবেন।

মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
মান্দায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনৈক মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আল আমিনকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কাজ করছে পুলিশ।

শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
শ্রমিকের ঘামে ভেজা কর্মব্যস্ততায় একমাত্র ভরসা পুরোনো কাপড়

শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:ঝলমলে শোরুম নেই, নেই বাহারি সাজসজ্জা কিংবা নতুন কাপড়ের সুবাস। চটের বস্তা ও পলিথিন বিছিয়ে মাটির ওপর সারি সারি সাজানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ব্যবহারের উপযোগী পুরোনো পোশাক। দেখতে সাধারণ হলেও এসব দোকানই হয়ে উঠেছে গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষের পোশাক কেনার অন্যতম ভরসাস্থল।

দিনাজপুরের বীরগঞ্জ হাটে প্রতি বুধবার ও রবিবার হাটবারে প্রবেশপথের আশপাশে বসে পুরোনো কাপড়ের এসব দোকান। হাটে আসা কৃষক, দিনমজুর, ভ্যানচালক, গ্যারেজকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ভিড় করেন দোকানগুলোতে। যাঁদের পক্ষে বেশি দামে নতুন পোশাক কেনা সম্ভব নয়, তাঁদের কাছে স্বল্পমূল্যের পুরোনো কাপড় যেন স্বস্তির ঠিকানা।

কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, ‘বর্তমানে নতুন কাপড়ের দাম অনেক বেশি। সারাদিন কাজ করে যে টাকা আয় করি, তা দিয়ে কোনোমতে সংসার চলে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে হাটে আসি। আমরা প্রতিদিন রোদে পুড়ে মাঠে কাজ করি। নতুন কাপড় পরে কাজে গেলে কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখানে ৩০ থেকে ৪০ টাকায় গেঞ্জি এবং ১০০ থেকে ১৫০ টাকায় ভালো মানের শার্ট-প্যান্ট পাওয়া যায়। এতে আমাদের অনেক উপকার হয়।’

গ্যারেজকর্মী দিপু বলেন, ‘সারাদিন তেল, গ্রিজ ও ময়লার মধ্যে কাজ করতে হয়। নতুন জামা পরে গ্যারেজে কাজ করলে এক দিনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে মাসে তিন-চারবার এই হাটে আসি। কাজের প্রয়োজনে এসব কাপড়ই আমার সবচেয়ে বেশি কাজে লাগে।’

পুরোনো কাপড়ের বিক্রেতা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি সৈয়দপুর থেকে পাইকারি দামে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পুরোনো কাপড় কিনে নিয়ে আসি। পরে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন গ্রামীণ হাটে বিক্রি করি। এসব কাপড়ের চাহিদা ভালো থাকায় বিক্রিও ভালো হয়।’

স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাকের দাম বাড়ায় নিম্নআয়ের মানুষের জন্য নতুন কাপড় কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে পুরোনো পোশাক তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বছরের পর বছর ধরে বীরগঞ্জের হাটে গড়ে ওঠা পুরোনো কাপড়ের এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এক নির্ভরতার নাম। শ্রমের ঘামে ভেজা কর্মব্যস্ত জীবনে তাঁদের কাছে এই পুরোনো কাপড়ই যেন নতুন করে স্বস্তি পাওয়ার অবলম্বন।