খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসআর টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

৩১ ডিসেম্বর, ২০২৫ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২০২৫-২০২৬ অর্থবছরের ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জামসহ এমএসআর (MSR) সামগ্রী ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগের মূল বিষয়
প্রাপ্ত তথ্যমতে, গত ১ নভেম্বর ২০২৫ তারিখে ওষুধ (আইডি: ১১৫৬২০৩), সার্জিক্যাল যন্ত্রপাতি (আইডি: ১১৫৬২০৪) এবং কেমিক্যাল (আইডি: ১১৫৬২০৭) সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। অভিযোগ উঠেছে যে, পিপিআর-২০০৬ ও পিপিআর-২০০৮ (পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা) উপেক্ষা করে হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তা ও ব্যক্তির যোগসাজশে প্রকৃত যোগ্য প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে ‘নন-রেসপনসিভ’ করা হয়েছে। অন্যদিকে, নিজেদের পছন্দের অযোগ্য প্রতিষ্ঠানকে ‘রেসপনসিভ’ দেখিয়ে অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ফাইল পাঠানো হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি
জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল নামক একটি প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মো. হারুন অর রশিদ হাসপাতালের পরিচালক বরাবর দেওয়া অভিযোগে জানান, তার প্রতিষ্ঠান সমস্ত শর্ত পূরণ করে দরপত্র দাখিল করলেও কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কর্তৃপক্ষ অসৎ উদ্দেশ্যে এবং আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে কিছু ‘ভুঁইফোড়’ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পায়তারা করছে। তিনি অবিলম্বে এই টেন্ডার বাতিল করে পুনরায় দরপত্র মূল্যায়নের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর উদ্বেগ
এদিকে, এই দুর্নীতি নিয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকেও সংবাদমাধ্যমে একটি অভিযোগপত্র পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালের মতো একটি সংবেদনশীল সেক্টরে এ ধরনের আর্থিক দুর্নীতি জনসেবাকে হুমকির মুখে ফেলছে। অসাধু ব্যক্তিদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী এই দুর্নীতির হাত থেকে স্বাস্থ্য খাতকে রক্ষার জন্য যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অনুলিপি ও ব্যবস্থা
বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে এবং প্রকৃত সরবরাহকারীদের বাদ দিয়ে সিন্ডিকেটকে সুবিধা দিলে সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সচেতন মহল।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।