খুঁজুন
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন, ১৪৩২

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

রাশেদুজ্জামান রিমন | কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং। ছবি রাশেদুজ্জামান রিমন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে মিরপুর পৌর বাজারের ঈগল চত্বর ও তহ বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে নিম্নমানের পণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এবং পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকার মাদক ও চোরাচালান মালামাল আটক

দিনাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
১০ ও ১১ মার্চ ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, কাটলা বিশেষ ক্যাম্প, মনিপুর বিওপি ও দাইনুর বিওপি পৃথক পৃথকভাবে মোট ৬টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩,৬৭০ পিস বাংলাদেশি মদ তৈরির বড়ি, ২৮৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৯০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯,১০,৫০০ (নয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
আমি আপনাদের ভোটে নির্বাচিত, আপনাদের পাশে সবসময় আছি — এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর ও মহাজনপাড়া এলাকাবাসীর উদ্যোগে রবিবার (৮ মার্চ) জনতা ক্লিনিক মোড়ে দিনাজপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি’র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, “আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। আপনারাই আমাকে তিনবারের মেয়র থেকে এমপি বানিয়েছেন। আমি দিনাজপুর সদরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। সুখে-দুঃখে আগেও যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দিনাজপুর সদরের সব রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে, যাতে জনগণের কোনো ভোগান্তি না থাকে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ে নির্দেশনা দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা, ডা. সাইফুর রহমান, মঞ্জুর মুর্শেদ সুমন, এ.আই. মিজানুর রহমান, মোস্তফা কামাল মিলন, মোজাফফর হোসেন, শামসুল আলম চৌধুরী, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোকসেদুল ইসলাম টুটুল ও সাজ্জাদ হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব  ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে জরুরি সেবা নম্বর ১০২ এ কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ী রিপন খানের জুতার গোডাউনের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পাশের স্বপন দাসের ত্রিপালের গোডাউনে আংশিক আগুন লাগলেও সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‍ ঢাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন খান বলেন, সামনে ঈদ, তাই ঈদ বাজারকে কেন্দ্র করে গোডাউনে বিপুল মালামাল প্রস্তুত রাখা হয়েছিলো। এই অগ্নিকাণ্ডে একেবারে পথে বসে গেলাম। তিনি কান্নারত অবস্থায় বলেন, এই দূর্ঘটনায় আমি নি:স্ব হয়ে গেলাম। আমার আর কিছুই রইলো না।

ঈদের ভরা মৌসুমে এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।