দিনাজপুরে সরকারি সড়কবাতির বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় পৌরসভার বিদ্যুৎকর্মীদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুরে শহরের পুলহাট মোড় থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত সড়কবাতির লাইনের কাজ করছিলেন পৌরসভার বিদ্যুৎ শাখার কর্মীরা। এ সময় মেসার্স সাউদ ইলেকট্রিক ওয়ার্কসের মালিক মঞ্জুরুল হোসেন রতন, তাঁর দুই ছেলেসহ কয়েকজন কর্মচারী লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে পৌরসভার গাড়ীর ড্রাইভার সহ কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে সাগর আহমেদসহ কয়েকজন কর্মী আহত হন। পরে সাগর আহমেদকে দিনাজপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সাগর আহমেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ২২ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা নম্বর ৭৯ রুজু করা হয়েছে। মামলায় সাতটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ১০:৩১ অপরাহ্ণ