দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তের ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না।

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ২:১৯ অপরাহ্ণ