শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:ঝলমলে শোরুম নেই, নেই বাহারি সাজসজ্জা কিংবা নতুন কাপড়ের সুবাস। চটের বস্তা ও পলিথিন বিছিয়ে মাটির ওপর সারি সারি সাজানো রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ব্যবহারের উপযোগী পুরোনো পোশাক। দেখতে সাধারণ হলেও এসব দোকানই হয়ে উঠেছে গ্রামীণ জনপদের নিম্নআয়ের মানুষের পোশাক কেনার অন্যতম ভরসাস্থল।
দিনাজপুরের বীরগঞ্জ হাটে প্রতি বুধবার ও রবিবার হাটবারে প্রবেশপথের আশপাশে বসে পুরোনো কাপড়ের এসব দোকান। হাটে আসা কৃষক, দিনমজুর, ভ্যানচালক, গ্যারেজকর্মীসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ভিড় করেন দোকানগুলোতে। যাঁদের পক্ষে বেশি দামে নতুন পোশাক কেনা সম্ভব নয়, তাঁদের কাছে স্বল্পমূল্যের পুরোনো কাপড় যেন স্বস্তির ঠিকানা।
কৃষিকাজের সঙ্গে যুক্ত শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, ‘বর্তমানে নতুন কাপড়ের দাম অনেক বেশি। সারাদিন কাজ করে যে টাকা আয় করি, তা দিয়ে কোনোমতে সংসার চলে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে হাটে আসি। আমরা প্রতিদিন রোদে পুড়ে মাঠে কাজ করি। নতুন কাপড় পরে কাজে গেলে কয়েক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখানে ৩০ থেকে ৪০ টাকায় গেঞ্জি এবং ১০০ থেকে ১৫০ টাকায় ভালো মানের শার্ট-প্যান্ট পাওয়া যায়। এতে আমাদের অনেক উপকার হয়।’
গ্যারেজকর্মী দিপু বলেন, ‘সারাদিন তেল, গ্রিজ ও ময়লার মধ্যে কাজ করতে হয়। নতুন জামা পরে গ্যারেজে কাজ করলে এক দিনেই নষ্ট হয়ে যেতে পারে। তাই কম দামে পুরোনো কাপড় কিনতে মাসে তিন-চারবার এই হাটে আসি। কাজের প্রয়োজনে এসব কাপড়ই আমার সবচেয়ে বেশি কাজে লাগে।’
পুরোনো কাপড়ের বিক্রেতা মো. রবিউল ইসলাম বলেন, ‘আমি সৈয়দপুর থেকে পাইকারি দামে শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের পুরোনো কাপড় কিনে নিয়ে আসি। পরে বীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন গ্রামীণ হাটে বিক্রি করি। এসব কাপড়ের চাহিদা ভালো থাকায় বিক্রিও ভালো হয়।’
স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পোশাকের দাম বাড়ায় নিম্নআয়ের মানুষের জন্য নতুন কাপড় কেনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে স্বল্পমূল্যে পুরোনো পোশাক তাঁদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বছরের পর বছর ধরে বীরগঞ্জের হাটে গড়ে ওঠা পুরোনো কাপড়ের এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনসংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা এক নির্ভরতার নাম। শ্রমের ঘামে ভেজা কর্মব্যস্ত জীবনে তাঁদের কাছে এই পুরোনো কাপড়ই যেন নতুন করে স্বস্তি পাওয়ার অবলম্বন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৮:৩৬ পূর্বাহ্ণ