পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১০:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে সর্বকালের সর্বোচ্চ দান। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে ১৫টি দানবাক্স খোলা হয়। প্রায় ৪ মাস ২৪ দিন পর খোলা এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। এর আগে গত ২৭ জুন ১৩টি বাক্স থেকে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।

টানা ১৪ ঘণ্টা ধরে চলে টাকা গণনার কাজ। সকাল ৯টায় মসজিদের দ্বিতীয় তলায় বস্তাগুলোর টাকা ঢেলে গণনা শুরু হয়, শেষ হয় রাত সোয়া ১০টায়। গণনায় অংশ নেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ১১০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ। নিরাপত্তায় ছিলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ, ৮ জন এসআরবি ও ১০ জন আনসার সদস্য।

গণনা শেষে রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দানবাক্স থেকে নগদ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার, স্বর্ণের চামচ, স্বর্ণের বাটিসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে, যার মূল্য পরে নির্ধারণ করা হবে। টাকাগুলো পুলিশ পাহারায় রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদের দানের অর্থ মাদরাসা, এতিমখানাসহ মসজিদ কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পাশাপাশি জনকল্যাণমুখী বিভিন্ন খাতে ব্যয় করা হয়। মসজিদের তহবিলে আগে থেকেই জমা ছিল ১৩৩ কোটি টাকার বেশি। এদিকে সংসদ সদস্য মাজহারুল ইসলাম জানান, মসজিদ কমপ্লেক্সের একটি আধুনিক নকশা প্রায় চূড়ান্ত হয়েছে, শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন