রংপুর রিজিয়ন বিজিবির বড় সাফল্য: ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১:১৩ পূর্বাহ্ণ
  • শান্ত পাহান, স্টাফ রিপোর্টার:সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পরিচালিত অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে (১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬) রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় ৬১৫ জনকে আটক করা হয়েছে।
  • শনিবার বিকেলে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
  • বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
  • জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
  • সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
  • এদিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করেছে বিজিবি।
  • সীমান্ত দিয়ে অবৈধ পুশইন প্রতিরোধে নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। একই সঙ্গে মানবপাচার, অবৈধ সীমান্ত পারাপার, জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
  • পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে”—এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন